২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে হালনাগাদ ভোটার তালিকা ছাপাবে নির্বাচন কমিশন

হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের প্রায় এক মাস পর নির্বাচন কমিশন আগামী অক্টোবর মাসে এই তালিকা ছাপাবে। নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

কমিশন এ খাতে ব্যয় করবে প্রায় ১৫ কোটি টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার কমিশনকে ভোটার তালিকা ছাপার বিষয়ে অনুমতি দিয়েছে।

নির্বাচন কমিশন সচিব জানান, এই সম্পূরক ভোটার তালিকা ছাপার জন্য আজকালের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। ছাপার কাজ চলবে সারাদেশকে ৩৮টি জোনে ভাগ করে। পাবনা সদর আসনের ভোটার তালিকা চুরি হয়ে যাওয়ায় এই অংশটি পুরোটাই ছাপতে হবে। নভেম্বর নাগাদ পাওয়া যাবে মুদ্রিত হালনাগাদ ভোটার তালিকা।

সচিব বলেন, নির্বাচনের জন্য ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ আছে। এবার ভোটারের সংখ্যা বেশি, কেন্দ্রের সংখ্যাও বেশি। তাই নির্বাচনের ব্যয় বাড়তে পারে। সেক্ষেত্রে বাড়তি টাকা চাইলে তা পাওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগাম নির্বাচনী প্রচারণা বন্ধ করার জন্য নির্বাচন কমিশন শিগগিরই সিটি কর্পোরেশন ও পুলিশের সাথে বৈঠক করে তাদের এজন্য ব্যবস্থা নিতে বলবে।

সচিব বলেন, আইনগত কারণে নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ ধরনের আগাম নির্বাচনী প্রচারণা বন্ধ করার জন্য কমিশন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। কমিশন এজন্য শুধু সংশ্লিষ্ট প্রার্থীকে অনুরোধ জানাতে পারে। কারণ, এ ধরনের আগাম প্রচারণা নৈতিকভাবে ঠিক নয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিশন গত ৭ সেপ্টেম্বর হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে। কমিশনের তালিকা অনুসারে এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।

হালনাগাদ ভোটার তালিকা তৈরি করতে প্রায় এক বছর সময় লেগেছে। এ জন্য নির্বাচন কমিশন ব্যয় করেছে প্রায় ৮৫ কোটি টাকা। ভোটার তালিকা ছাপার জন্য তারা সরকারের কাছে আরও ১৫ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এই বরাদ্দ পেলে ভোটার তালিকা তৈরিতে মোট খরচ দাঁড়াবে প্রায় ১০০ কোটি টাকা।

সর্বশেষ ২৮ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়।

নির্বাচন কর্মকর্তারা ১ জুলাই অফিসে বসে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করেন। পরে আদালতের নির্দেশে ২০ জুলাই থেকে ২০ আগস্ট বাড়ি বাড়ি গিয়ে ওই তালিকা হালনাগাদ করা হয়।

হালনাগাদ করা ভোটার তালিকার উন্মুক্ত প্রদর্শনীর শেষ দিন ছিলো ৫ সেপ্টেম্বর।