২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪২ বছরের পূরনো কারা বিধি সংস্কার করা হচ্ছে

১৪২ বছরের পূরোনো কারা বিধি সংস্কার করা হচ্ছে। ইতোমধ্যে সংশোধিত কারাবিধির খসড়াটি মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। আগামী ৯ অক্টোবর মন্ত্রিসভায় সংস্কারের বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

কারা সংস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক আইন মন্ত্রী মওদুদ আহমদ বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।

সচিবালয়ের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, আইন সচিব আলাউদ্দিন সরদার ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন উপস্থিত ছিলেন।

আইন মন্ত্রী মওদুদ আহমদ জানান, প্রস্তাবিত সংস্কারটি কোন আইন না হওয়ায় মন্ত্রিসভায় অনুমোদনের পর আর সংসদে পাঠানোর প্রয়োজন হবে না। ফলে মন্ত্রিসভায় অনুমোদনের পর থেকেই এটি কার্যকর হবে।

সংশোধিত কারাবিধিতে ১৮৬৪ সালের কারা বিধির ১৩৮৮ বিধির মধ্যে ৪২১টি সংশোধন বা বিয়োজন এবং ২১৯টি বিধি বিলুপ্ত ঘোষণা করেছে।

সংশোধিত কারা বিধি অনুযায়ী এখন থেকে সদাচরণ করছে এমন সাজাপ্রাপ্ত আসামীদের সাজার মেয়াদের দুই - তৃতীয়াংশ অর্থাৎ প্রতি বছরের জন্য আট মাস কারাভোগ করতে হবে। সংশোধনীর সুযোগ দেওয়ার জন্য বাকী চার মাস তাকে মওকুফ করা হবে। আগের কারাবিধিতে দন্ডিত ব্যক্তিকে দন্ডের তিন - চতুর্থাংশ অর্থাৎ প্রতি বছরের জন্য নয় মাস কারাভোগের বিধান ছিল।

শিশুসহ দন্ডিত মায়ের সন্তানের জন্য ছয় বছর পর্যন্ত কারাগারে বসবাস, শিশুদের লালন-পালনে ‘দিবাযতœ কেন্দ্র’ এবং শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে এ কারাবিধিতে।

বিধিতে দন্ডিত আসামীদের কারা অভ্যন্তরে প্রতিষ্ঠিত বিভিন্ন কারখানায় কাজ করার সুযোগ থাকছে। সেখানে তাদের কাজের জন্য নির্দিষ্ট মজুরি কারাগারের হিসাব শাখায় জমা থাকবে। যা দন্ডভোগ শেষে বেরিয়ে যাওয়ার সময় ওই বন্দীকে দেয়া হবে। এ অর্থ ওই ব্যক্তি তার মুক্ত জীবনের পূঁজি হিসেবে ব্যবহার করতে পারবে।

আইন মন্ত্রী জানান, সংশোধিত কারাবিধিতে দন্ডিত ব্যক্তিদের সদাচরণের ভিত্তিতে প্যারোলের বিধান থাকবে। এর মাধ্যমে অর্ধেক মেয়াদ সাজাভোগের পর কারা কর্তৃপক্ষ প্রয়োজনে দন্ডিত ব্যক্তিকে প্যারোলে মুক্তি দিতে পারবে। তবে প্যারোলে কারামুক্ত ব্যক্তিকে এ সময়ে পর্যবেক্ষণে রাখা হবে এবং একটি নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে।

সংশোধিত কারাবিধির ৬১৭ ও ৯১০ বিধানে বিশিষ্ট নাগরিকদের জন্য কারাগারে ডিভিশন বা উচ্চতর শ্রেণীর সুবিধার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে জেল সুপারই ডিভিশন বরাদ্দের ক্ষমতা পাবেন। যা বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে দেয়া হয়।

বীরত্বমূলক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বা ব্যক্তি, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি, সংসদে প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রফেসর অ্যামিরেটাস এবং বন্দি বা আটককালে ভিআইপি মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি এক্ষেত্রে ডিভিশন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

সংবাদ সম্মেলনে লুৎফুজ্জামান বাবর জানান, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার তুলনায় বেশি বন্দী বসবাস করছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে একটি কেন্দ্রীয় কারাগার স্থাপন করা হচ্ছে। যা বুধবারই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে।

এছাড়াও গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার প্রকল্প - ২ এবং মহিলা কারাগার প্রতিষ্ঠা করা হচ্ছে।