তত্ত্বাবধায়ক সরকারের কর্মপরিকল্পনার নির্দেশনা দিলেন ড. ইউনূস
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বুধবার বলেছেন, নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক কারণে সরকারের দৃষ্টি এড়িয়ে যাওয়া বিষয়গুলোর দিকে তত্ত্বাবধায়ক সরকারের মনোযোগ দেওয়া উচিত।
সিরডাপ মিলনায়তনে বুধবার এক সংলাপ অনুষ্ঠানে ড. মুহম্মদ ইউনূস ‘পরবর্তী সরকারের জন্য আশু কর্মপরিকল্পনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বেশ কয়েকটি নাগরিক সংগঠনের সহযোগিতায় নাগরিক কমিটি ২০০৬ এ সংলাপের আয়োজন করে।
কর্মপরিকল্পনার খসড়ায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও কার্যকর রাখা, পক্ষপাতহীনভাবে প্রশাসন পরিচালনা, বিচার বিভাগ পৃথক করা এবং নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সুপারিশ করা হয়।
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করার ব্যাপারেও এতে সুপারিশ করা হয়েছে।
কর্মপরিকল্পনায় জাতীয় স্বার্থে দুর্নীতি দমন ব্যাপারেও উদ্যোগ নেওয়ার জন্য তত্ত্ববধায়ক সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ড. ইউনূস বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য যে কোনো সরকারেরই প্রথম ১০০ দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত ।
তিনি আশা প্রকাশ করেন, আগামীতে নির্বাচিত সরকার তাদের পাঁচ বছরের মেয়াদের মধ্যে এমন কিছু কাজ করবেন যা জাতীয় অগ্রগতির ক্ষেত্রে সহায়ক হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালনক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংলাপ অনুষ্ঠানে সুশীল সমাজের সুপারিশের একটি খসড়া উপস্থাপন করেন। খসড়ায় নির্বাচন কমিশনের প্রচলিত বিধান অনুসারে প্রার্থীদের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
