২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে রাজনৈতিক অঙ্গন ফের সরব

সরকারি দল ও প্রধান বিরোধী দলের মহাসচিব পর্যায়ে সংলাপ অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গন ফের সরব হয়ে উঠছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 04:55 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

শীর্ষ ব্যবসায়ীরাও দুই দলকে সংলাপে বসানোর জন্য গত ২৪ ঘন্টায় দুই দলের মহাসচিবের সঙ্গে চার দফা বৈঠক করেছেন।

সংশ্লি¬ষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী দুই - একদিনের মধ্যেই দুই প্রধান দলের মহাসচিব পর্যায়ে টেলি - সংলাপ হতে পারে।

এদিকে দুই দলের মধ্যে যোগাযোগের ক্ষেত্র উন্মুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও কবে নাগাদ আলোচনা হবে তা নিশ্চিত নয়। জাতীয় সংসদের অধিবেশন আগামী ৪ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে সংলাপ অনুষ্ঠান হবে কিনা - তা নিয়ে সংশয় রয়েছে।

তবে একাধিক সিনিয়র মন্ত্রী জানান, সংসদ চলাকালীন সংলাপ হলে সংসদের অধিবেশন প্রয়োজনে বাড়ানো হতে পারে। দুই মহাসচিব পর্যায়ের বৈঠকের স্থানও জাতীয় সংসদ ভবন হতে পারে বলে তারা আভাস দেন।

সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এখন তার প্রতিপক্ষ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার টেলিফোনের অপেক্ষায় আছেন।

আওয়ামী লীগের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে যে এবার তারা বিএনপির আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিতে চায়। একইসঙ্গে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনের আগে নির্বাচনী এলাকায় সেনা টহল ইত্যাদি বিষয়ে সংলাপের মাধ্যমে ফয়সালা করতে চায়।

ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা মনে করেন, ১৪ দলের সংস্কার প্রস্তাব আলোচনার টেবিলে উঠলে অনেক কিছুই সমাধান হতে পারে। দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজকে এক প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ সংলাপ চাইলে আগেই তা হতে পারতো। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত নিয়ে আমাদের মহাসচিব একাধিকবার তাদের আলোচনায় বসার জন্য বলেছেন, কিন্তু নানা অজুহাতে তারা বসছে না। সংলাপে বসতে চাইলে বুঝতে হবে, তাদের এবার বোধোদয় হয়েছে। বিএনপি সবসময় আলোচনার টেবিলেই সবকিছুর সমাধান চায়।

বিএনপির অন্যতম সহ - সভাপতি কৃষিমন্ত্রী এম কে আনোয়ার সংলাপের প্রশ্নে আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে নির্বাচন অবাধ ও সুষ্ঠু চায়, তবে অবশ্যই তাদের আলোচনার টেবিলে বসতে হবে। ‘কোনো দাবি মেনে নিতেই হবে’ - এমন পূর্বশর্ত আলোচনার জন্য মোটেই ইতিবাচক নয়। আলোচনার অর্থই হচ্ছে কোনো শর্ত আরোপ ছাড়া সমস্যার সমাধান খোঁজা।

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বিডিনিউজকে বলেন, সংলাপে বসার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে আমরা অবশ্যই তা বিবেচনা করব। মান্নান ভূঁইয়া টেলিফোনে কী বলেন তা শুনে দেখি। এরপর তা আমাদের সভানেত্রী ও ১৪ দলের নেতাদের কাছে জানানোর পর সিদ্ধান্ত জানাবো।

গত সোমবার বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া সুস্থ হয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আবারো টেলিফোন করার কথা সাংবাদিকদের জানানোর পরই সংলাপ প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে আশা সৃষ্টি হয়।