সরকারি হিসাব কমিটির চেয়ারম্যান বিরোধী দলের হওয়া উচিত
সরকারি হিসাব কমিটির চেয়ারম্যান বিরোধী দলের হওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন সরকার ও বিরোধী দলের সাংসদরা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংসদরা এ অভিমত দেন।
তারা গণমাধ্যমে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যবিবরণী প্রচার হওয়ার ব্যাপারেও একমত পোষণ করেন।
সাংসদরা সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে ‘কাগুজে বাঘ’ হিসাবে আখ্যায়িত করে বলেন, বিদ্যমান সংসদীয় পর্যবেক্ষক দলের উপস্থিতি কেবল ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতেই দেখা যায়। সরকারি হিসাব কমিটি অর্থনৈতিক দুর্নীতি দমন এবং সংসদীয় গণতন্ত্র কার্যকর করার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখতে পারে বলেও তারা অভিমত দেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বিএনপি সাংসদ মাহবুব উদ্দিন আহমদ বলেন, পশ্চিমা গণতন্ত্রের মতো সরকারি হিসাব কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বিরোধী দলের হাতে থাকা উচিত।
বিএনপির অপর এক সাংসদ আব্দুল করিম আব্বাসী এ ব্যাপারে তাকে সমর্থন জানান।
মাহবুব উদ্দিন বলেন, সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য উন্মুক্ত রাখা উচিত।
কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, তাদের সুপারিশ খুব কমই বাস্তবায়িত হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলো ‘কাগুজে বাঘ’ ছাড়া আর কিছু নয় এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতেই কেবল তাদের উপস্থিতি দেখা যায়।
জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ, বিএনপির সাংসদ লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, কর্নেল ফারুক খান (অব.) ও মোয়াজ্জেম হোসেন আলাল।
