২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবিধিতে রমযানে ফাঁসির নিষেধাজ্ঞার বিষয়টি শুধু আইনমন্ত্রী জানেন!

কারাবিধিতে রমযান মাসে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি দেশের শীর্ষ আইনজীবীরা জানেন না!

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

রমযানে ফাঁসি কার্যকরের উপর নিষেধাজ্ঞার কোনো বিধান আইনজ্ঞদের জানা নেই, এমনকি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন খান মোল্লাও এরকম কোনো বিধির কথা শুনেননি।

শীর্ষ অপরাধ আইনজীবী বিচারপতি এমএ মালেক মঙ্গলবার বিডিনিউজকে বলেন, ‘এ মুহূর্তে আমার কাছে যে কারাবিধি আছে তাতে এ ধরনের কোনো বিধি নেই। কিন্তু আইনমন্ত্রী যখন বলছেন যে এ ধরনের একটি বিধি আছে, তাহলে কারাবিধি কোনোভাবে সংশোধিত হয়ে থাকতে পারে’।

অপরাধ আইন বিশেষজ্ঞ একজন সাবেক প্রধান বিচারপতি মঙ্গলবার বিডিনিউজকে বলেন, দীর্ঘ পেশাগত জীবনে এরকম কোনো কারাবিধির কথা তিনি শুনেননি।

এডভোকেট আনিসুল হক এ প্রসঙ্গে বিডিনিউজকে বলেন, কারাবিধির মৃত্যুদণ্ড কার্যকর সংক্রান্তঅধ্যায় তো বটেই পুরো কারাবিধির কোথাও এরকম কথা নেই যে, রমযান মাসে ফাঁসি দেওয়া যাবে না।

একইকথা বলেছেন, সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন খান মোল্লা। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রমযান মাসে ফাঁসির আদেশ কার্যকর না করার কোনো বিধির কথা তিনি জানেন না।

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সোমবার সাংবাদিকদের বলেছিলেন, কারাবিধি অনুযায়ী রমযানে ফাঁসি কার্যকর করার বিধান নেই। এটি রেওয়াজ কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না এটি কারাবিধিতেই আছে আর দীর্ঘদিন ধরেই এ নীতি অনুসৃত হয়ে আসছে।