২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ ও বাংলা ভাইয়ের ফাঁসি রোজার মধ্যে হচ্ছে না

শায়খ আবদুর রহমান, বাংলা ভাইসহ সাত জঙ্গির ফাঁসি বর্তমান চারদলীয় জোট সরকারের আমলে নাও হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, মেয়াদের শেষপর্যায়ে জঙ্গিদের ফাঁসি দেবে না সরকার। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ, সোমবার সাংবাদিকদের জানিয়েছেন কারাবিধিতেই রমজান মাসে জঙ্গিদের ফাঁসি কার্যকর করার সম্ভব নয়।

খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার আগামি ২৭ অক্টোবর তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করছে ।

রমজানের পর ২৩, ২৪ ও ২৫ বা ২৬ অক্টোবর পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

জঙ্গিরা রায়ের বিরুদ্ধে আপিল না করলে বা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা না করলে ৭ অক্টোবরের পরে এক থেকে দুই সপ্তাহের মধ্যে জঙ্গিদের ফাঁসির তারিখ নির্ধারণের কথা রযেছে।

তবে ধর্মীয় নেতাদের অনেকেই বলেছেন, রমজানে ফাঁসি হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মওলানা ওবায়দুল হক বিডিনিউজকে বলেন, রাষ্ট্র বিবেচনা করলে যে কোনদিন যে কোন ফাঁসির আসামির রায় কার্যকর করা যেতে পারে।

শায়খ রহমান ও বাংলা ভাই ঢাকার মিরপুরের পাইকপাড়ায় বিশেষ কারাগারে এবং আবদুল আউয়াল ও সানি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অন্য দুজনের মধ্যে ফারুক হোসেন খান ওরফে খালিদ সাইফুল্লাহ ও ইফতেখার হাসান ওরফে আল মামুন কাশিমপুর জেলে। ‘গায়েরী এহসার’ সদস্য আসাদুল ইসলাম ওরফে আরিফ পলাতক।

এর আগে গত ২৯ মে ঝালকাঠির একটি আদালত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির সাত নেতাকে ওই মামলায় মৃত্যুদন্ড দেওয়া হয়।