২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা ও সিইসি পদে ‘গ্রহণযোগ্য নাম’ প্রস্তাব করবে আ. লীগ

তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দুজন নির্দলীয় ও নিরপেক্ষ ব্যক্তির কথা ভাবছে আওয়ামী লীগ। সংগঠনটির মতে, এউ দুজন বিএনপি--জামাত জোটের কাছেও গ্রহণযোগ্য হবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, সংলাপ শুরু হলেই নামগুলো জানিয়ে দেওয়া হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় বিরোধী জোট সমন্বয়ক আব্দুল জলিল শনিবার মতিঝিল বাণিজ্যিক এলাকায় তার কার্যালয়ে একদল সাংবাদিকের সাথে আলোচনার সময় বলেন, ‘সংলাপে বসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার পদে এমন ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবো, যিনি ক্ষমতাসীন বিএনপি--জামাত জোটসহ সকলের কাছেই গ্রহণযোগ্য হবেন।’

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলী খান এবং সাদত হোসেনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার পদে ক্ষমতাসীন বিএনপি নিয়োগ করতে পারে - এমন আলোচনা সম্পর্কে সাংবাদিকরা আব্দুল জলিলের কাছে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

তবে জলিল বলেছেন, বিচারপতি কেএম হাসান এবং প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজকে কোনভাবেই মেনে নেওয়া হবে না। তবে কার কার নাম আওয়ামী লীগ প্রস্তাব করতে পারে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

অবশ্য তিনি আলোচনার মাধ্যমেই বর্তমান রাজনৈতিক অচলাবস্থার নিরসনের আহ্বান জানান।

জলিল বলেন, ‘আমরা বিএনপিকে সংলাপের উদ্যোগ নিতে খানিকটা সময় দিয়েছি এবং আমরা সেই অপেক্ষাতেই রয়েছি।’

আওয়ামী লীগের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জলিল বলেন, তারা কেএম হাসান এবং এমএ আজিজের অধীনে কোন নির্বাচন হতে দেবেন না। বরং সরকার যদি আলোচনার মাধ্যমে বর্তমান অচলাবস্থা দূর না করে এবং হাসান ও আজিজের নেতৃত্বে নির্বাচনের পাঁয়তারা করে তাহলে বিরোধী দল কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের সংস্কারের দাবি আদায় করে ছাড়বে।

জলিল এর আগে গত সপ্তাহে বিডিনিউজ২৪ডটকমকে বলেছিলেন, তারা বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা অনুযায়ী একটি আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার দাবির বিষয়ে দুপক্ষের দূরত্ব কমিয়ে আনার জন্য উভয় দলের মধ্যে মহাসচিব ও সাধারণ সম্পাদক পর্যায়ে সংলাপের আহ্বান জানান। 

এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় বিরোধী জোট প্রধান নির্বাচন কমিশনার ও অপর তিন নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি এবং আগামী তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা হিসেবে সাবেক বিচারপতি কেএম হাসানের নিয়োগকে প্রত্যাখ্যান করে আসছে। 

এদিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া হৃদরোগের সমস্যার কারণে বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আগামী মঙ্গলবার তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।