বর্তমান সিইসির অধীনে নির্বাচন অংশ নেবে না ইউপিডিএফ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না।
সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদের সঙ্গে রাজধানীতে শনিবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় সংগঠনটির নেতারা একথা বলেন।
নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো কার্যত সামরিক শাসন জারি রয়েছে। বহিরাগত ভোটারও রয়েছে কয়েক লাখ, যা সুষ্ঠু নির্বাচনের জন্য মোটেও অনুকুল নয়। তাছাড়া এমন সব স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হয় সেখানে পাহাড়িরা নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না।
শনিবার ইউপিডিএফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
আলোচনায় ইইউ প্রতিনিধিরা বলেন, নির্বাচনে সংখ্যালঘু জনগোষ্ঠির অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মনোভাব সম্পর্কে জানার জন্য আমরা পার্বত্য চট্টগ্রাম সফর করেছি।
রাজধানীতে অনুষ্ঠিত এই আলোচনায় উপস্থিত ছিলেন সফররত মিশনের সদস্য হান্নাহ রবার্টস, ইউপিডিএফ প্রধান প্রসিত বিকাশ খীসা, রবি শংকর চাকমা, সুনির্মল চাকমা, অংগ্য চাকমা প্রমুখ।
