২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রসফায়ার’ ও ‘এনকাউন্টার’ এর তদন্ত শেষ করার নির্দেশ

তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগেই ‘ক্রসফায়ার’ ও ‘এনকাউন্টার’ এর সব ঘটনার তদন্ত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 10:21 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শুক্রবার পুলিশ সদর দপ্তরে এক রুদ্ধদ্বার বৈঠকে সব আইন প্রয়োগকারী সংস্থাকে এ ব্যাপারে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্র জানায়।

লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আনোয়ারুল ইকবাল, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক আব্দুল আজিজ সরকার এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত আড়াই বছরে র‌্যাব ও পুলিশের পৃথক পৃথক ‘ক্রসফায়ার’ ও ‘এনকাউন্টার’ এ পাঁচ শতাধিক সন্দেহভাজন অপরাধী নিহত হয়েছে।

সূত্র জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সব আইন প্রয়োগকারী সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাদের যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন এবং তা করতে হবে বর্তমান সরকারের মেয়াদের মধ্যে।

হত্যা, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধী তৎপরতা বৃদ্ধির পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও বৈঠকে জানানো হয়।

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন দূর্গাপূজা সম্পর্কে বৈঠকে বলা হয়, দেশের মোট ১৯ হাজার ৬১৫ টি পূজা মন্ডপের মধ্যে ৮ হাজার ২০৯ টি অতি ঝুঁকিপূর্ণ, ৪ হাজার ২২৬টি কম ঝুঁকিপূর্ণ এবং বাকি ৬ হাজার ১৮০ টি ঝুঁকিমুক্ত।

এ ছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি নিয়ে আলোচনার পাশাপাশি আসন্ন পবিত্র রমজান মাসে বিভিন্ন ধরনের অপরাধী তৎপরতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রসফায়ার’ ও ‘এনকাউন্টার’ এর বিভিন্ন ঘটনার তদন্ত চলছে এবং এটা অব্যাহত প্রক্রিয়ারই একটি অংশ। 

একটি গোষ্ঠী আসন্ন দূর্গাপূজা ও রমজান মাসে দেশের আইন -- শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন।