২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজান মাসের পবিত্রতা রক্ষায় হাসিনার আহ্বান

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার এক বাণীতে শেখ হাসিনা বলেন, ভোগ, বিলাস, ক্রোধ, উচ্ছৃঙ্খলতা ও হানাহানি পরিত্যাগ এবং কুপ্রবৃত্তির বিরুদ্ধে কঠোর সংগ্রামের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শনই পবিত্র রমজানের শিক্ষা।

তিনি বলেন, আজকের বিশ্ব অস্থির এক সময় পার করছে। সন্ত্রাস, সংঘাত, যুদ্ধ পরিস্থিতি, অবিশ্বাস এবং মূল্যবোধের অবক্ষয় নৈরাজ্য ও হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশে বিরাজ করছে পবিত্র রমজানের চেতনা পরিপন্থী দুঃশাসন। দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে দেশের প্রতিটি মানুষ আজ দিশেহারা।

বিরোধী দলীয় নেত্রী বলেন, গ্রেনেড, বোমা হামলা, সন্ত্রাস, নৈরাজ্য ও অকল্যাণের পথ পরিহার করে জাতীয় জীবনে স্থায়ী শান্তি প্রতিষ্টার জন্য আসুন আমরা পরস্পরকে সহযোগিতা করি।

এছাড়া রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের জন্যও শেখ হাসিনা দেশবাসীর প্রতি আহ্বান জানান।