২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মপরিকল্পনার ছকে এগুতে পারছে না নির্বাচন কমিশন

নিদিষ্ট কর্মপরিকল্পনার ছকে এগুতে পারছে না নির্বাচন কমিশন। কর্মপরিকল্পনা অনুযায়ী এ পর্যন্ত কমিশন কোনো কাজই যথাসময়ে করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

তবে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত কমিশন যে সব প্রস্তুতি নিয়েছে, তাতে যথাসময়েই সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী আগস্টেই নির্বাচনের বাজেট বরাদ্দ হওয়ার কথা ছিল।

এছাড়া নির্বাচনের বিভিন্ন উপকরণ জুলাই থেকে অক্টোবরে, ভোট কেন্দ্র নির্ধারণ আগস্ট থেকে অক্টোবরে,  আগস্ট থেকে সেপ্টেম্বরে নির্বাচনের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ, সেপ্টেম্বরে নির্বাচন সংক্রান্ত আইন -- শৃঙ্খলার প্রস্তুতি গ্রহণ এবং সেপ্টেম্বরে গণমাধ্যমে নির্বাচনী প্রচার -- প্রচারণা চালানোর কথা।

কিন্তু নির্বাচন কমিশন অর্থ মন্ত্রণালয়ের কাছে থেকে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় বরাদ্দ  নেয়াসহ কর্মপরিকল্পনার কোনো কাজই এ পর্যন্ত নির্দিষ্ট সময়ে শেষ করতে পারেনি। তারা সব বিষয়েই এখনো অনেক পিছিয়ে আছে।

নির্বাচন কমিশন সচিব অবশ্য বলেন, কর্মপরিকল্পনা একটি অস্থায়ী বিষয়। নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণের জন্য কি কি কাজ কোন কোন সময়ে করা দরকার, তা নির্ধারণের জন্যই কর্মপরিকল্পনা।

আব্দুর রশীদ সরকার বলেন, সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে, সুষ্ঠু ভোটার তালিকা। নির্বাচন কমিশন যথা সময়ে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু হালনাগাদ ভোটার তালিকা তৈরি করেছে। শিগগিরই দরপত্র আহ্বান করে এ তালিকা মূদ্রণ করা হবে। সম্পূরক ভোটার তালিকা বলে এটি ছাপতেও সময় লাগবে কম।

তিনি জানান, এছাড়া কমিশন এখন নির্বাচনের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ (সিল -- গালা, অমোচনীয় কালি, প্যাকেট, ব্যালট বাক্স -- ইত্যাদি) তৈরি ও সংগ্রহের কাজেও হাত দিয়েছে।

তিনি নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সব অগ্রগতি অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠান সম্ভব।

সংবিধান অনুযায়ী, ২০০৭ সালের জানুয়ারি মাসে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০০১ সালে দেশে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি। গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুসারে এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।

২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯ হাজার ৯৭৮ টি ভোট কেন্দ্র ছিল। সেবার মোট বুথের সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার  ২৮৮টি।