ঢাবি ক্যাম্পাসে শিবির নেতা আটক
বোমাবাজ সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুলিশ বুধবার বহিরাগত এক শিবির নেতাকে আটক করেছে।
এর আগে ছাত্রলীগ কর্মীরা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।
আটককৃত ব্যক্তির নাম মো. আখতার হোসেন। শাহবাগ থানায় সাংবাদিকদের সে জানায়, সে খিলক্ষেতের কুড়াতলী শাখা শিবিরের সভাপতি। তবে সে কোন বোমা হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে। সে জানায়, সে ঢাবি ক্যাম্পাসে বেরাতে এসেছিল।
এর আগে গত মঙ্গলবার সকালে ও রাতে টিএসসি এলাকায় দুটি বোমা বিষ্ফোরণে সাবিনা নামে এক শিশু আহত হয়। এরপর ক্যাম্পাসে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্যাম্পাস সূত্র জানায়, বুধবার সকালে আখতার হোসেন মুহসীন হলের সামনে এসে শিবিরের হল কোনটি তা জানতে চায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাকে আটক করে টিএসসি এলাকায় বোমা হামলার জন্য দায়ী করে মারধর করে।
ওই সময় সে সাংবাদিকদের কাছে বোমা হামলার কথাও স্বীকার করলেও থানায় গিয়ে তা অস্বীকার করে।
এদিকে আজ বিকেল সাড়ে তিনটায় আখতার হোসেনের ভাই মোশাররফ হোসেন রাজু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে জানায়, আখতার হোসেন মানসিকভাবে অসুস্থ এবং সে কোন ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নয়।
