শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা পিটিয়েছেন শিক্ষার্থীদের
শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিস্থিতি ক্রমেই জটিলতর হচ্ছে। মঙ্গলবার সকালে ডানপন্থি শিক্ষক প্রক্টর ড. সাজেদুল করিম তার অনুসারি শিক্ষকদের নিয়ে ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালান এবং কয়েকজন শিক্ষার্থীকে মারধরও করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে আন্দোলনকারীরা ওই শিক্ষকসহ পাঁচজনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
দুদিন ধরেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকরা ছিলেন মারমুখী। তারা প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষকদের লাগাতার অবস্থান ধর্মঘট স্থলে গিয়ে সভা করে বামপন্থী শিক্ষকদের তীব্র সমালোচনা করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন।
বিশ্ববিদ্যালয় সচল করার দাবিতে গত তিন সপ্তাহ থেকে আন্দোলন করছে সাধারণ ছাত্রছাত্রীরা। প্রথম দিকে সিলেটের শহীদ মিনারে আন্দোলন করলেও এখন ছাত্রছাত্রীরা শাবি ক্যাম্পাস ও ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন কর্মসূচি পালন করছে। আজ তারা পূর্ব নির্ধারিত অবরোধ কর্মসূচি শুরু করে শাবির প্রধান ফটকে। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা - কর্মচারীসহ সকলকে ভেতরে ঢুকতে বাধা দেয়। ছাত্রছাত্রীরা জানান, বিশ্ববিদ্যালয় সচল করা না হলে শিক্ষক - কর্মকর্তাদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না ।
সকাল সাড়ে ৯টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে প্রবেশ পথ অবরোধ করে রাখে। সাড়ে ১০টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা ও প্রক্টর ড. সাজেদুর করিমের নেতৃত্বে ১৫/১৬ জন শিক্ষক প্রধান ফটকের সামনে এসে শিক্ষার্থীদের ধমক দিয়ে এখান থেকে চলে যেতে বলেন।
সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে থাকলে প্রক্টর ড. সাজেদুল করিমের নেতৃত্বে আসা জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকরা জোরপূর্বক প্রধান ফটকের তালা খুলে দিয়ে ছাত্রদের ওপর চড়াও হন। এক পর্যায়ে শিক্ষকরা কয়েকজন ছাত্রকে মারধর শুরু করেন এবং তিনজনকে ধরে প্রক্টর অফিসে নিয়ে চার ঘন্টা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে একটি মুচলেকা আদায় করে ছেড়ে দেন।
এই তিন ছাত্র হলো পরিসংখ্যান বিভাগের আশরাফুল আলম, এনভায়রনমেন্টাল এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিদ্দিকুর রহমান ও নৃ-বিজ্ঞান বিভাগের ছাত্র দেওয়ান জিন্নাহ।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতাদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীরা ক্লাস - পরীক্ষা চালুর দাবিতে নানা কর্মসূচি পালন করে পরোক্ষভাবে বামপন্থী শিক্ষকদের আন্দোলনকেই সহযোগিতা করছে।
এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রক্টর ড. সাজেদুর করিম বলেন, সাধারণ শিক্ষার্থীরা তার সাথে বেয়াদবি করার কারণেই তিনি কয়েকজন ছাত্রকে শাসন করেছেন।
এদিকে শাবি ক্যাম্পাসের বাইরে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত এবং ছাত্র ধর্মঘট আহবানকারী ছাত্র সংগ্রাম পরিষদ জাতীয়তাবাদী ফোরামের সদস্যদের অ - শিক্ষকসুলভ আচরণের প্রেক্ষিতে ড. সাজেদুল করিম, আশরাফ, সোহরাব, শাওন, মতি এই পাঁচ শিক্ষককে শাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
এদিকে শাবিতে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ থাকলেও দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল করে।
প্রগতিশীল শিক্ষক ফোরাম লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবারও সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান করেন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরাও একই স্থানে অবস্থান নিয়ে সভা করেন। উল্লেখ্য গত সোমবার জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকরা রেজিস্ট্রার ভবনের সামনে প্রগতিশীল শিক্ষক ফোরামের কর্মসূচিস্থলের কাছে সভা করতে গেলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
প্রসঙ্গত গত ১২ মে রাতে স্থানীয় জালালাবাদ রাগীব - রাবেয়া মেডিক্যাল কলেজের ছাত্রদের সাথে শাবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে বিবিএ বিভাগের ছাত্র মোশাররফ হোসেন শামীমের প্রাণহানি এবং আরো কয়েকজন ছাত্র গুরুতর আহত হওয়ার পর ক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রচন্ড আন্দোলনের মুখে উপাচার্য প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমদ ১৪ মে পদত্যাগ করে ক্যাম্পাস চেড়ে চলে যান। গত ৫ জুলাই তিনি আবার ক্যাম্পাসে ফিরে এলে প্রগতিশীল শিক্ষক ও ছাত্ররা তা মেনে নিতে পারেনি। এনিয়ে উপাচার্র্য ড. মোসলেহ উদ্দিনের পক্ষ - বিপক্ষের বিভাজনে শাবিতে অচলাবস্থা দেখা দেয়। গত ৯ আগস্ট থেকে শাবি খুললেও দু’ একটি বিভাগ ছাড়া কোন ক্লাস হয়নি, পরীক্ষাও হয়নি।
উপাচার্যের অপসারণের দাবিতে ছাত্রসংগ্রাম পরিষদ ৯ আগস্ট থেকে লাগাতার ছাত্র ধর্মঘট এবং প্রগতিশীল শিক্ষক ফোরামের রেজিস্ট্রার ভবনের সামনে দু সপ্তাহ ধরে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।
