২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজিতপুরে বিএনপির দুই গ্র“পের সংঘর্ষে আহত ৫

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরে সোমবার বিকালে বিএনপির দুই গ্র“পের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সংসদ নির্বাচনে নিকলী - বাজিতপুর আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল এবং স্থানীয় সাংসদ মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের  ঘটনা ঘটে।

জানা যায়, বাজিতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মঞ্জুরুল ইসলাম রুকনকে সম্প্রতি স্থানীয় সাংসদ মজিবুর রহমানের সমর্থকরা শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে তোফাজ্জল হোসেন বাদলের সমর্থকরা প্রতিবাদ মিছিলের আয়োজন করে। বিকাল ৫টায় বাজিতপুর পৌরসভার আলো-ছায়া সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু হওয়ার পরপরই সাংসদ মঞ্জুর সমর্থকরা মিছিলের উপর হামলা চালায়। হামলাকারীরা তোফাজ্জাল হোসেন বাদলের নির্বাচনী কার্যালয়ের আসবাবপত্র, টেলিভিশন এবং কার্যালয়ের সামনে রাখা ৩টি মোটরসাইকেলও ভাংচুর করে।

পরে তোফাজ্জল হোসেন বাদলের সমর্থকরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে পাঁচজন আহত হয়। এদের মধ্যে তিনজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশতাক আহাম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বর্তমানে বাজিতপুর উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। উপজেলায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল বিডিনিউজ২৪.কমকে জানান, শ্রমিকদের সভাপতি মঞ্জুরুল ইসলাম রুকনের উপর হামলার প্রতিবাদে পূর্ব নির্ধারিত আজকের শান্তিপূর্ণ কর্মসূচির উপর সাংসদ মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে সমর্থকরা হামলা চালিয়ে আমার কর্মীদের আহত করা ছাড়াও অফিস ভাংচুর করেছে। এ ছাড়া তারা প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দিয়েছে।

তবে এ ব্যাপারে সাংসদ মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।