পঞ্চগড় - ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা
বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় - ২ আসনে আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট নুরুল হক সরকারের নাম ঘোষণা করেছে।
স্থানীয় সাংসদের প্রতি ক্ষুব্ধ হয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) তারা এই প্রার্থীতা ঘোষণা করেন বলে দলীয় সুত্র জানিয়েছে।
জানা গেছে, পূর্ব নির্ধারিত কর্মসুচি হিসেবে সোমবার সন্ধ্যায় জেলার দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারুতলায় উপজেলা জামায়াতের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির আব্দুর রশিদের সভাপতিত্বে জনসভায় জেলা আমির মাওলানা আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নিজেই এ আসনে আগামী নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে জনসভার বিশেষ অতিথি ও জেলা জামায়াতের কর্মপরিষদের শুরা সদস্য নুরুল হক সরকারকে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেন। তিনি এখন থেকে ঘোষিত প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকান্ডে নামতে নেতাকর্মীদের আহবানও জানান। এসময় জনসভায় উপস্থিত জামায়াতের দুই সহস্রাধিক নেতাকর্মী নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তার ঘোষণাকে স্বাগত জানান।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, এ আসনের বর্তমান বিএনপি দলীয় এমপি মো. মোজাহার হোসেন গত ৫ বছরে জামায়াত নেতাকর্মীদের কোন কর্মকান্ডে ডাকেননি। ‘একলা চলো নীতিতে’ তিনি সবসময় নিজের সিদ্ধান্তে সব কিছু করেছেন। তাদের দাবি, এমপি সবসময় জামায়াত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন। তার এমন নীতির কারণে ক্ষুব্ধ হয়ে তারা নিজ দলীয় নেতাকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়েছেন।
জনসভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের সহকারি সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে এই ঘোষণায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
যোগাযোগ করা হলে জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক প্রার্থীতা ঘোষণার কথা স্বীকার করে বলেন, ‘আমরা এখনও ৪ দলীয় জোটে রয়েছি। অনেক আসনে জোটের পক্ষ থেকে একাধিক প্রার্থী নির্বাচনী কর্মকান্ড চালাচ্ছেন। তাই এ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোন প্রার্থী নির্বাচনী কর্মকান্ড চালালে তাতে দোষের কিছু নেই।’
তিনি আরও জানান, অ্যাডভোকেট নুরুল হক সরকারকে জোট থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হবে।
মঙ্গলবার বোদা উপজেলা সদরে একইভাবে জনসভার মাধ্যমে অ্যডভোকেট নুরুল হক সরকারকে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, দু’দিন আগে বোদা উপজেলা সদরে উপজেলা ও পৌর ছাত্রদল এ আসনে সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আজাদের মনোনয়ন দাবি করে মিছিল ও পথসভা করে।
