২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ ও জামায়াতের নেতাদের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের সফররত অনুসন্ধানী মিশনের প্রতিনিধিদের সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ বলেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ না নিলে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানো উচিত হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সফররত ইইউ প্রতিনিধিদের সাথে সোমবার তার বনানী কার্যালয়ে বৈঠকের পর জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক সামরিক শাসক এইচএম এরশাদ সাংবাদিকদের বলেন, প্রধান বিরোধী দল নির্বাচনে না গেলে সেটা ফলপ্রসূ হবে কি না Ñ সে ব্যাপারে আমি আমার সংশয় ব্যক্ত করেছি।

এরশাদ জানান, সংলাপের মাধ্যমে প্রধান দলগুলো তাদের মতবিরোধ মীমাংসা না করায় ইইউ প্রতিনিধিরাও আগামী নির্বাচনের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন।

এর আগে ইইউ প্রতিনিধিরা ক্ষমতাসীন জোটের শরিক জামায়াতের ইসলামির মগবাজার কার্যালয়ে নেতাদের সাথে বৈঠক করেন।

প্রতিনিধিদের সাথে বৈঠককালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে জনগণই মূল ভূমিকা পালন করে।

প্রতিনিধিরা ভোটার তালিকা সম্পর্কে জানতে চাইলে নিজামী তাদের  জানান, ভোটার তালিকা একটি অব্যাহত প্রক্রিয়া। এতে ভুল থাকলে সবসময়ই তা সংশোধনের সুযোগ থাকে।

ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের অনুসন্ধানী মিশনের প্রতিনিধিরা গত সপ্তাহে ঢাকায় এসেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল পাঠানোর আগে তারা নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন করছেন।