২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশের টুকিটাকি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকা পরিণত হয়েছিলো এক বিশাল জনসমুদ্রে। ঘটেছে নানা রকমের ঘটনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

মোবাইল ফোনের মাধ্যমে শেখ হাসিনার ভাষণ প্রচার: সারাদেশ থেকে মহাসমাবেশে যোগ দিতে আসা নেতা - কর্মীদের অনেকেই তাদের মোবাইল ফোনের মাধ্যমে দেশে - বিদেশে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাষণ শুনিয়েছেন অন্যদের।

শেখ হাসিনা যখন তার বক্তব্য শুরু করেন তখন সমাবেশে আসা কয়েক হাজার নেতা - কর্মী তাদের মোবাইল ফোন চালু করে দেন। এর ফলে যারা সমাবেশে আসতে পারেননি তারা সারাসরি শেখ হাসিনার ভাষণ শোনা থেকে বিচ্যুত হননি।

শেখ হাসিনা প্রায় আধা ঘন্টা ধরে মহাসমাবেশে বক্তব্য রাখেন।

ফুল দিয়ে বরণ: বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় কমিটি মহাসমাবেশে আসা শ’ শ’ মিছিলকে ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করে নেয়। সংগঠনের একজন নেতা আমিনুর রহমান বিডিনিউজ২৪.কমকে বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে ১৪ দলের নেতা-কর্মীরা অনেক কষ্ট করে ঢাকায় এসেছেন। তাদের প্রতি বিশেষ সম্মান জানানোর জন্য আমরা এমন আয়োজন করেছি’।

সিডি আর সানগ্লাসের রমরমা ব্যবসা : মহাসমাবেশে আগত অনেকেই স্টেডিয়াম মার্কেট থেকে বিভিন্ন শিল্পীর গাওয়া গানের সিডি এবং সানগ্লাস কিনতে ব্যস্ত হয়ে পড়ে। প্রচন্ড ভিড় হয় ফুটপাতের দোকানগুলোতে। এই সুযোগে ব্যবসায়ীরা বেশ চড়া দামে তাদের সিডি এবং সানগ্লাস বিক্রি করে।

নানা রঙের পোস্টারের প্রদর্শনী: সমাবেশ স্থলের আশেপাশের বিভিন্ন জায়গা ১৪ দলের পোস্টারে পোস্টারে ছেয়ে যায়। যার বেশির ভাগই ছিলো আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের দোয়া এবং আর্শীবাদ কামনা।

এছাড়াও আন্দোলন সংগ্রামে আহত বা গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের ছবি সম্বলিত পোস্টার। কাউকে কাউকে আবার সমাবেশ চলার সময়েই এসব পোস্টার লাগাতে তৎপর দেখা গেছে।

পা হারিয়েছি, জীবনটাও দিতে চাই... রাজধানীর দ্বীন মোহাম্মদ কলোনী থেকে মহাসমাবেশে যোগ দিতে এসেছিলেন শাহ আলম পাটোয়ারী। ১৯৮০ সালে তৎকালীন ধর্মমন্ত্রীর গাড়ি তাকে চাপা দিলে তার একটি পা কেটে ফেলতে হয়।

তিনি বলেন, দেশের জনগণের দুঃসময়ে আজ আবার মাঠে নেমেছি। এতে আমার জীবনটাও চলে গেলে কোনো আফসোস থাকবে না।