নির্বাচন কমিশনারদের সাংবাদিক ভীতি
প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অপর তিন নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নানা দাবিতে রাজনীতির মাঠ আক্ষরিক অর্থেই উত্তপ্ত হয়ে উঠেছে। অথচ নির্বাচন কমিশন সচিবালয়ে এর কোনো আঁচই লাগেনি।
সিইসি বিচারপতি এমএ আজিজ, তিন নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, সম জাকারিয়া এবং মাহমুদ হাসান মনসুর সোমবার যথারীতি অফিস করেছেন। তবে তারা কেউই সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি।
সাংবাদিকদের নজর এড়িয়ে সিইসি তড়িঘরি করে কড়া পুলিশ প্রহরায় বেলা ২টার দিকে অফিস ছেড়ে চলে যান।
সবচেয়ে আলোচিত নির্বাচন কমিশনার হাসান মনসুর বেলা ৩ টা থেকে পৌনে এক ঘন্টা সাংবাদিকদের তার একান্ত সচিবের কক্ষে অপেক্ষা করিয়েও সাক্ষাত দেননি।
উপরন্তু তিনি একান্ত সচিবের মাধ্যমে সাংবাদিকদের পরামর্শ দেন, তারা কোনো বিষয় জানতে চাইলে যেনো নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে সাক্ষাত করেন।
বিরোধী দলের পল্টন ময়দানের মহাসমাবেশের কারণে নির্বাচন কমিশন সচিবালয়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
