বেতন-বোনাসের জন্য তিতাসকে লাইন কাটতে দিলো না শ্রমিকরা
ঈদে বেতন ও বোনাস পাওয়ার আশায় তিতাস গ্যাসকে সংযোগ বিচ্ছিন্ন করতে দিল না শ্রমিকরা। তিতাস গ্যাসের লাইন বিচ্ছিন্নকরণ অভিযানের প্রতিবাদে রোববার সকালে পোশাক শিল্প শ্রমিকরা শ্যামপুর থানাধীন যাত্রাবাড়ি---নারায়ণগঞ্জ সড়ক একঘন্টা অবরোধ করে রাখে।
বিক্ষোভরত শ্রমিকদের কয়েকজন জানান, সকালে মালিকরা তাদের বলেছেন যে তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে শ্রমিকরা আসন্ন ঈদে বেতন ও বোনাস পাবেন না। মালিকদের চাপের মুখেই তারা এই আন্দোলনে অংশ নেন বলে কয়েকজন শ্রমিক জানান।
পুলিশ জানায়, কদমতলী শিল্প এলাকার বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য কারখানা দীর্ঘদিন ধরে গ্যাসের বিল না দেওয়ায় তিতাস তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিঃ এর পক্ষ থেকে তাদের বিল পরিশোধ করার জন্য নোটিশ দিয়েছিল। নোটিশের জবাব না দেওয়ায় রোববার সকালে তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারীরা ওই শিল্পাঞ্চলে যাবে বলে মালিকদের জানানো হয়।
তিতাসের লাইন বিচ্ছিন্ন করার প্রতিবাদে সকাল থেকেই মালিকদের চাপে হাজার হাজার শ্রমিকরা স্থানীয় লাল মসজিদের সামনে ব্যস্ততম যাত্রাবাড়ি---নরায়ণগঞ্জ সড়ক অবরোধ করে। পুলিশ আরও জানায়, শ্রমিকদের বাধার মুখে তিতাস গ্যাসের কর্মচারীরা ফিরে গেলে দুপুর ১২টার দিকে বিক্ষোভরত শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।
এ সময় ওই বিক্ষোভে অংশ না নেওয়ার কারণে বিক্ষোভরত শ্রমিকরা কদমতলীর ৩ নম্বর ফ্যাক্টরি রোডের সিভিক এ্যাপারেলস লিমিটেডে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। হামলাকারীরা সিভিক এ্যাপারেলসে ব্যাপক ভাংচুর করে। পরে দুপুর ২ টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, কদমতলী শিল্প এলাকায় কমপক্ষে ১২০ টি বিভিন্ন ধরনের পোশাক শিল্প ও অন্যান্য কারখানা রয়েছে। ওইসব কারখানার অনেকগুলোর কাছেই গ্যাস, পানি ও বিদ্যুতের ৫ লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত বিল বকেয়া রয়েছে।
