মহাসমাবেশকে সামনে রেখে খুলনায় আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার
১৮ সেপ্টেম্বরের মহাসমাবেশকে সামনে রেখে খুলনা পুলিশ আওয়ামী লীগ নেতা--কর্মীদের গ্রেপ্তার ও হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে।
জেলার রুপসা উপজেলা থেকে শুক্রবার গভীর রাতে জেলা আওয়ামী লীগ নেতা মজিদ ফকির ও নজরুল ফকিরকে পুলিশ গ্রেপ্তার করে।
তবে পুলিশের দাবি রুপসা উপজেলার সামন্তসেনা গ্রাম থেকে জেলা আওয়ামী লীগ নেতা মজিদ ফকিরকে একই গ্রামের মাসুম হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই উপজেলার নৈহাটি গ্রাম থেকে পুলিশ জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ফকিরকে গ্রেপ্তার করলেও তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কোন কিছু জানায়নি।
এ ব্যাপারে রুপসা থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে স্থানীয় ১৪ দল নেতৃবৃন্দ মহাসমাবেশের আগে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের ঘটনাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
