উন্নত চিকিৎসার জন্য সাবেরকে সিঙ্গাপুর থেকে লন্ডন নেওয়া হচ্ছে
গুরুতর আহত আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে সিঙ্গাপুরের জেনিগ্যালস হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী গত ৬ সেপ্টেম্বর রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের লাঠি পেটায় গুরুতর আহত হন।
সিঙ্গাপুর থেকে শুক্রবার টেলিফোনে সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে বলেন, এমআরআই রিপোর্টে দেখা গেছে মাথায় আঘাত পাওয়ার কারণে তার বাম চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং তা ডান চোখের উপরও প্রভাব ফেলছে। এ কারণে তিনি চোখে ডাবল ইমেজ দেখছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চৌধুরী বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকরা তার মস্তিস্কের একটি øায়ু নষ্ট হয়ে গেছে বলে চিহ্নিত করেছেন।
তিনি বলেন, আমার একমাত্র সুসংবাদ হলো গলব্লাডারের ৭০ ভাগ উন্নতি হয়েছে এবং ইনফেকশনও হ্রাস পাচ্ছে।
সাবের আরো বলেন, উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিধান্ত নিয়েছেন এবং সেখানে আরো বিকল্প চিকিৎসা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
