বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা মধুর কেন্টিন ভাঙচুর করেছে
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ না পাওয়া বিক্ষুব্ধ কর্মীরা বৃহষ্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে ভাংচুর এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করেছে।
মধুর ক্যান্টিনে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার ছাত্রলীগেরই এক বিক্ষুব্ধ কর্মী হাকিম চত্বরে এসে ফাঁকা গুলি ছুঁড়েছিল।
বৃহষ্পতিবার দুপুরে ছাত্রলীগের কর্মীরা মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন এবং মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের কাছে জানতে চায় কেন্দ্রীয় কমিটির পদগুলো কবে বন্টন ও বিন্যস্ত করা হবে।
এসময় বিক্ষুব্ধ কর্মীরা হঠাৎ উত্তেজিত হয়ে বেশকিছু কাপ-পিরিচ ভাঙে। সভাপতি ও সাধারণ সম্পাদককে সেসময় অকথ্য ভাষায় গালি-গালাজ করে। একপর্যায়ে কর্মীরা সভাপতিকে ‘শিবির’ এবং সাধারণ সম্পাদককে ‘ছাত্রদলের এজেন্ট’ বলে অভিহিত করে।
পরে মাহমুদ হাসান রিপন সন্ধ্যায় পার্টি অফিসে এ ব্যাপারে বৈঠক হবে বলে কর্মীদের আশ্বাস দেন। রাত সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বৈঠক চলছিলো বলে জানা যায়।
