২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় দুই দলের মধ্যে মধ্যস্থতা করতে চায় যুক্তরাষ্ট্র

নির্বাচনী সংস্কার প্রস্তাব নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান অচলাবস্থা নিরসনে দুই বড় রাজনৈতিক দলের সংলাপে মধ্যস্থতা করার জন্য বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস তার দেশের আগ্রহের কথা ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 11:52 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সাথে তার গুলশানের বাসভবনে রাতে বৈঠকের সময় বিউটেনিস আব্দুল জলিলকে বলেন, আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমরা মধ্যস্থতা করতে পারি। আব্দুল জলিল নিজেই এ কথা জানান।

তবে জলিল মার্কিন রাষ্ট্রদূতকে বলেন, সরকার সংলাপের জন্য যদি আন্তরিক এবং পরবর্তী নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজন করতে চায় তাহলে মধ্যস্থতার কোন প্রয়োজন নেই।

জলিলের সাথে ৩৫ মিনিটের বৈঠকে বিউটেনিস চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সরকারের সাথে আলোচনায় বসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান। সংলাপের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টির জন্যও তিনি আহ্বান জানান।

বিউটেনিস বলেন, সংলাপের মাধ্যমে উভয় দলই একটি সমঝোতায় পৌছাবে বলে আমরা আশাবাদী।

জলিল সাংবাদিকদের বলেন, নির্বাচনের কোন বিকল্প আছে বলে তার দল মনে করে না এবং তারা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক।

তিনি আরো বলেন, আমরা অলোচনার পক্ষে, কিন্তু সরকারি দল কালক্ষেপন ও গড়িমসি করছে।