ভূমি সংক্রান্ত জটিলতা এড়াতে নতুন বিল পাস
ভূমি ক্রয় - বিক্রয় জটিলতা নিরসনে এবং সম্ভাব্য মামলা মোকদ্দমা এড়াতে কঠোর বিধান করে দি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি সংশোধন বিল, ২০০৬ বুধবার সংসদে পাস হয়েছে।
ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঞা বিলটি সংসদে উত্থাপন করলে আইনটি যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন বিরোধী দলের কয়েকজন সাংসদ। তাদের প্রস্তাবটি কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
পরে বিলের উপর তেমন কোন আলোচনা ছাড়াই বিলটি সংসদে পাস করা হয়।
এছাড়াও বুধবার সংসদে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (সংশোধন) বিল, ২০০৬ পাস করা হয়।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিলটি উত্থাপন করেন।
এ বিলের মাধ্যমে শিপিং কর্পোরেশনের অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা থেকে ৩৫০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
