২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক নেতাকর্মীদের ওপর পুলিশী হামলায় সুপ্রীম কোর্টের নিন্দা

সংবিধান সম্মত রাজনৈতিক কর্মকান্ডে বাধা প্রদান ও রাজনৈতিক নেতা - কর্মীদের ওপর পুলিশী নির্যাতন, মহিলা কর্মীদের শ্লীলতাহানীসহ মানবাধিকার লংঘনের ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বুধবার সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সমিতি আয়োজিত এক জরুরী সাধারণ সভায় রাজনৈতিক নেতা - কর্মীদের ওপর হামলার ঘটনায় ডিএমপির ডেপুটি কমিশনার কোহিনুর মিয়াসহ দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।

সভায় পুলিশী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুলিশসহ আইন - শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দলীয় কাজে ব্যবহার থেকে বিরত থাকার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতা - কর্মীর নি:শর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি।

সমিতির সহ সভাপতি আবদুল মান্নান খানের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক সম্পাদক ইয়ায়েতুর রহিম।

সভায় বক্তারা বলেছেন, সভা, সমাবেশ, মিছিলসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী পালন করা সংবিধান অনুযায়ী মানুষের রাজনৈতিক অধিকার। এতে পুলিশ বেআইনীভাবে বাধা প্রদান ও রাজনৈতিক নেতা কর্মীদের ওপর পুলিশ বর্বর নির্যাতন চালিয়েছে। মহিলা কর্মীদের ওপরও পুলিশ হামলা চালিয়েছে এবং তাদের শ্লীলতা ও সম্ভ্রমহানি করেছে।

বক্তারা আরো বলেন, দেশে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিদেশী প্রতিনিধিদের উপস্থিতিতে দেশের বরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও মহিলা কর্মীদের ওপর পুলিশ দিয়ে বর্বর হামলা করার মাধ্যমে বিদেশীদের সামনে দেশের ভাবমূর্তি বিনষ্ট করা হয়েছে।