২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় স্থায়ী কমিটি গঠনে সরকারের গড়িমসি বন্ধের উদ্যোগ

সংসদীয় স্থায়ী কমিটি গঠনে সরকার বরাবরই গড়িমসি করে আসছে। কিন্তু এবার তা বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি সংশোধিত কার্যবিধি সংসদের বর্তমান অধিবেশনেই উত্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 10:09 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

কার্যবিধির এই সংশোধনী নতুন সংসদের প্রথম তিন অধিবেশনের মধ্যে সবগুলো স্থায়ী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করবে। আগামী সংসদেই এই বিধান কার্যকর হবে ।

সংসদীয় কার্যবিধি সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান স্পিকার মো. জমিরউদ্দিন সরকার। বৈঠকে সংসদীয় কার্যবিধিতে আরো চারটি সংশোধনী আনারও সুপারিশ করা হয়েছে।

কোরাম সংকট সম্পর্কে কমিটির সুপারিশ হচ্ছে, সংসদে ৬০ জন সংসদ সদস্য উপস্থিত নেই বলে কোন সংসদ সদস্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করবেন, অথবা ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতির জন্য পাঁচ মিনিট ধরে ঘন্টা বাজানোর নির্দেশ দেবেন। তারপরও ৬০ জন সংসদ সদস্য উপস্থিত না হলে স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করবেন।

বৈঠক শেষে স্পিকার জমিরউদ্দিন সরকার বিডিনিউজকে বলেন, সংবিধান ও সংসদীয় কার্যবিধির সঙ্গে সঙ্গতি বজায় রাখার জন্য কমিটি কোরাম সংক্রান্ত এই সংশোধনী আনার সুপারিশ করেছে।

কমিটি আরো সুপারিশ করেছে, সংসদীয় কার্যবিধিতে এটা উল্লেখ থাকতে হবে যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্ব প্রত্যেক বুধবার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সপ্তম ও অষ্টম সংসদে স্থায়ী কমিটিগুলো গঠন করতে দুই বছর পর্যন্ত সময় লেগেছিল।