২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের দুদিনের কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিতে নেতাকর্মীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিলের ন্যাম ভবনের কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরী সভার মাধ্যমে এই কর্মসুচির সিদ্ধান্ত নেয় বিরোধী দলীয় জোট।

কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে চকবাজার ও বঙ্গবন্ধু এভিনিউতে দুটি পৃথক প্রতিবাদ সমাবেশ করা হবে। এ ছাড়া বৃহস্পতিবার রাজধানী ঢাকার আটটি নির্বাচনী এলাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তোফায়েল আহমেরে সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন আবদুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, আবদুল মান্নান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, ফজলে হোসেন বাদশা, গণফোরামের অ্যাড. জহিরুল ইসলাম, পঙ্কজ ভট্টাচার্য, মফিজুল ইসলাম খান কামাল প্রমুখ।  

বৈঠক শেষে আবদুল জলিল সাংবাদিকদের জানান, বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা ছিল পূর্ব পরিকল্পিত। তিনি মোহাম্মদ নাসিমের উপর পুলিশের নগ্ন হামলার দায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনারের অপসারণ দাবি করেন।

তিনি বলেন, ‘আসাদুজ্জামান নূর এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম উভয়ই পরিচিত মুখ। তাদের উপর পুলিশের নগ্ন হামলা কোনভাবেই ভুলবশতঃ হতে পারে না। এটি পরিকল্পনামাফিকই করা হয়েছে’। 

এ ছাড়া আবদুল জলিল প্রশিকার কর্মীদের গ্রেপ্তারেরও তীব্র নিন্দা জানান।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবা বাস্তাবায়নের দাবিতে মঙ্গলবারের আওয়ামীলীগ সহ ১৪ দল আহুত প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলাকালে পুলিশের বেধড়ক লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপে ঢাকার বিভিন্ন স্থান পরিণত হয়েছিল রণক্ষেত্রে। পুলিশি হামলায় আওয়ামীলীগের মোহাম্মদ নাসিম, আসাদুজ্জামান নূর সহ অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়। এছাড়া শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।