বিরোধীদলের প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও কালে সংঘর্ষে নাসিম, নূরসহ দেড় শতাধিক আহত, আপডেট
বিরোধীদলের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশী হামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম, আসাদুজ্জামান নূর এমপিসহ দেড় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে।
মঙ্গলবার কর্মসূচি চলার এক পর্যায়ে বিরোধীদলের নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ধানমন্ডির রাসেল স্কোয়ার, বাংলা মটর, মগবাজার, মহাখালী, আগারগাঁও এবং মিরপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পুলিশের বেধড়ক পিটুনিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম এমপি এবং আসাদুজ্জামান নূর এমপিসহ দেড় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। এ সময় ১৪ দলের বিক্ষুব্ধ কর্মীরা শতাধিক যানবাহন ভাঙচুর করে। পুলিশ বিভিন্ন স্থান থেকে বেশকিছু নেতাকর্মীকে আটক করে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া পুলিশের হামলায় বিডিনিউজ২৪ডটকম-এর স্টাফ রির্পোটার কৈলাস সরকার আহত হন।
মহাখালী ক্রসিং-এ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহম্মেদের নেতৃত্বে ১৪ দলের নেতা-কর্মীরা জমায়েত হতে শুরু করে। দুপুর সাড়ে ১২টায় পুলিশ তাদের ওপর হামলা চালায়। ১৪ দলের কর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করে তার পাল্টা জবাব দেয়। এ সময় সেখানে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মিরপুরে পুলিশের সঙ্গে ১৪ দলের কর্মীদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়। এ সময় এখানে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে।
ধানমন্ডির রাসেল স্কোয়ারে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘষের্র ঘটনা ঘটে। এতে ১৪ দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়।
বাংলা মোটরে পুলিশ ১৪ দলের নেতা-কর্মীদের লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে এই সংঘর্ষ ইস্কাটন রোড এবং ইস্টার্ন প্লাজার সামনে পর্যন্ত ছড়িয়ে পড়ে। পুলিশ বিভিন্ন ভবনে লুকিয়ে থাকা ১৪ দলের নেতা-কর্মীদের খুঁজে বের করে বেধড়ক লাঠিপেটা করে।
মগবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
