২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে প্রশিকা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান, অর্ধ শতাধিক গ্রেপ্তার, আপডেট

সারাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রশিকার কর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। সরকারবিরোধী তৎপরতা, নির্বাচনী অপপ্রচার ও নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সংস্থাটির উপ পরিচালক সিরাজুল ইসলামকে সাভারে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, যশোর ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত অর্ধ শতাধিক কর্মীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

এ অবস্থায় প্রশিকার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন। বিডিনিউজ২৪ডটকমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। সংস্থাটির প্রেসিডেন্ট ড. কাজী ফারুক আহম্মেদ এ মূহুর্তে চিকিৎসার জন্য দিল্লী রয়েছেন।

তবে প্রশিকার অন্যতম পরিচালক ড. মাহবুব - উল - করিম বিডিনিউজ২৪ডটকমকে জানান, সারাদেশ থেকেই খন্ড খন্ড ভাবে গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে। এর পিছনে কোন সুস্পষ্ট কারণ তারা জানেন না।

বিভিন্ন স্থান থেকে বিডিনিউজের প্রতিনিধিরা জানিয়েছেন, পুলিশ গত দুদিনে প্রশিকা কর্মীদের বাসা ও কার্যালয়ে অভিযান চালিয়ে অর্ধ শতাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মানিকগঞ্জে ২১জন, কিশোরগঞ্জে ২৪জন, চাঁদপুরে ছয়জন ও লক্ষ্মীপুরে চারজন রয়েছেন। এ ছাড়া রাজশাহীতে এক, নওগাঁয় এক, যশোরে এক এবং টাঙ্গাইলের মির্জাপুরেও একজন রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে কিশোরগঞ্জ পুলিশের একজন উর্দ্ধতন কর্মকর্তা বলেছেন, নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার আশংকা থেকেই সদর দপ্তরের নির্দেশ অনুসারে প্রশিকা কর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বেসরকারি সংস্থাগুলোর সংগঠন এডাব এর রাজশাহী অঞ্চলের চেয়ারম্যান এস কে এল মো. লালন বলেন, রাজশাহীতে গত ৫ সেপ্টেম্বর সম্মিলিত নাগরিক আন্দোলন এর মহাসমাবেশ সফল হওয়ার পর সরকার আতঙ্কিত হয়েই এ গ্রেপ্তার অভিযান শুরু করেছে। সম্মিলিত নাগরিক আন্দোলনের বাদবাকি বিভাগীয় মহাসমাবেশগুলোতে প্রশিকার কর্মীরা যাতে অংশ নিতে না পারে সে উদ্দেশ্যে এই অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, প্রশিকা কর্মীদের এভাবে গ্রেফতার করা গণতান্ত্রিক অধিকারেরই লঙ্ঘন। তিনি এর তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানান। গ্রেফতারের কারণে প্রশিকা কর্মীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

রাজশাহী প্রতিনিধি জানান, মহানগরীর শালবাগান এলাকায় প্রশিকার আঞ্চলিক কার্যালয়ে পুলিশ শনিবার দুপুরে এবং রোববার সকালে দুদফায় অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, পুলিশ শনিবার ভোররাতে এবং রোববার সকালে কিশোরগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার ৫টি উপজেলা কার্যালয়ে অভিযান চালিয়ে ২৪ জন কর্মকর্তা-কর্মচারিকে গ্রেপ্তার করেছে।

এর মধ্যে পাকুন্দিয়া উপজেলা থেকে ৭ জন, ভৈরব উপজেলা থেকে ৬ জন, হোসেনপুর উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ৩ জন এবং কুলিয়াচর উপজেলা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে পুলিশ বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার ২১ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে জেলার বিভিন্ন উপজেলার প্রশিকা কার্যালয় ও বাসা - বাড়ীতে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারাপদ শিকদার জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচজন, সাটুরিয়ার তিনজন, দৌলতপুরের চারজন, সিঙ্গাইরের একজন, হরিরামপুরের তিনজন, শিবালয়ের তিনজন এবং বেলিশ্বরের থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার প্রতিনিধি জানান, রোববার দুপুরে পৌর এলাকার আনন্দপুর মহল্লার প্রশিকার উপ পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, উপ পরিচালক সিরাজুল ইসলাম, কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আলম ও কেয়ার টেকার ইনতাজ আলী।

সাভার থানার সেকেন্ড অফিসার এসআই মর্তুজা কবীর জানান, সরকারবিরোধী নানা কর্মকান্ড ও বড় ধরনের নাশকতার আশংকায় প্রশিকার কর্মকর্তা ও কর্মচাীদের গ্রেফতার করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃতদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, গ্রেফতারের ভয়ে মাঠকর্মীরাও গা ঢাকা দিয়েছেন।

যশোর প্রতিনিধি জানান, শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে কোতোয়ালি পুলিশ প্রশিকার যশোর অফিসে কর্মরত পাঁচজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন প্রশিকার বিভাগীয় সমন্বয়কারী আফতাবুর রহমান, কর্মকর্তা ফখরুল হোসেন, ইকবাল হোসেন, আব্দুস সাত্তার ও আনোয়ারুল ইসলাম।

তাদের আটকের কারণ জিজ্ঞাসা করা হলে টিএসআই আমিনুর জানান, কর্তৃপক্ষের নির্দেশে তাদের আটক করা হয়েছে। কী কারণে তা তিনি বলতে পারেননি।

আটক প্রশিকা কর্মীদের বিরুদ্ধে কোন মামলার কথাও জানা যায়নি।

চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার ফরিদগঞ্জ থানা পুলিশ প্রশিকার ৬ জন কর্মকর্তা--কর্মচারিকে গ্রেপ্তার করেছে।

এরা হলেন বিভাগীয় সমন্বয়কারী মাহমুদুল হক, কর্মকর্তা আব্দুল মান্নান, রাজিব ঘোষ, জামালউদ্দিন, কর্মচারী প্রদীপ চন্দ্র ও হেমায়েতউদ্দিন।

গ্রেপ্তারকৃতদের জিঞ্জাসাবাদ শেষে রোববার দুপুরে চাঁদপুরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ প্রশিকা কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, রায়পুরে রোববার পুলিশ অফিস চলাকালে প্রশিকার চার কর্মকর্তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন সমন্বয়কারী মজিবর রহমান, অফিস সহকারী আবুল খায়ের, হিসাব রক্ষক মিজানুর রহমান এবং অফিস সহকারী মিজানুর রহমান।

রায়পুর থানা পুলিশ জানায়, তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।