২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ-এর অনুসন্ধানী দল সোমবার আসছে

আগামী নির্বাচনে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী পর্যবেক্ষক দল পঠানোর সম্ভাবনা খতিয়ে দেখার জন্য ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি অনুসন্ধানী মিশন সোমবার ঢাকায় আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

ঢাকায় ইউরোপীয় কমিশন প্রতিনিধি দলের এক মুখপাত্র জানান, মিশনে নিরাপত্তা, লজিস্টিক ও  আইন বিশেষজ্ঞ থাকবেন। তারা একটি নির্বাচনী পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাব্যতা, প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা যাচাই করে দেখবেন।

ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত ড. স্টিফেন ফ্লোওয়েন জানান, বাংলাদেশে ১০ দিন অবস্থানকালে মিশনের সদস্যরা  নির্বাচন কমিশন, সরকারের প্রতিনিধি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবেন। এ ছাড়া তারা ঢাকার বাইরেও যাবেন ।

পরে ব্রাসেলসে ফিরে অনুসন্ধানী দলটি ইসির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিশনার ফেরেরো ওয়াল্ডনারের কাছে তাদের প্রতিবেদন দাখিল করবেন। পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নিবেন এই ওয়াল্ডনারই।   

অনুসন্ধানী মিশনের সদস্যরা সরকারি কর্তৃপক্ষ, এনজিওগুলোর স্থানীয় প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন এবং সব জেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি মূল্যায়ন রিপোর্ট প্রস্তুত করবেন।