তামাদি হয়ে যাচ্ছে সংসদে উত্থাপিত তিনটি বিল
‘আদালত অবমাননা বিল, ২০০৬’ ‘রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) বিল, ২০০৬’ ও ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল, ২০০৬’-এই তিনটি বিলের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। সংসদীয় রীতি অনুযায়ী চলতি অধিবেশনে পাশ না হলে এই তিনটি বিলই তামাদি হয়ে যাওয়ার আশংকা রয়েছে। অষ্টম জাতীয় সংসদে আইনমন্ত্রী মওদুদ আহমদের উত্থাপন করেছিলেন বিল তিনটি।
নিয়ম অনুযায়ী বিলগুলো সংসদে উত্থাপনের পর পরীক্ষা - নিরীক্ষা করে রিপোর্ট দেয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির বিলগুলো পরীক্ষা করে রিপোর্ট না দিয়ে রোববার আরো পাঁচ সপ্তাহের সময় চেয়ে সংসদে প্রস্তাব দেয়।
কমিটির সভাপতি খন্দকার মাহবুব উদ্দিন আহমাদের পক্ষে বিচারপতি মোজাম্মেল হক পাঁচ সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন। কমিটির এ প্রস্তাবটি সর্বসম্মতভাবে সংসদে গৃহীত হয়।
পাঁচ সপ্তাহ পরে বিলগুলোর ওপর স্থায়ী কমিটি সুপারিশ পেশ করার আগেই ২৭ সেপ্টেম্বর সংসদের চলতি সর্বশেষ অধিবেশন শেষ হবে। বর্ধিত সময় অনুযায়ী ১৫ অক্টোবর সুপারিশসহ রিপোর্ট উত্থাপন হলেও এর মাত্র ১২ দিন পর আগামী ২৭ অক্টোবর অষ্টম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে।
ফলে ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আর কোন অধিবেশন বসার সম্ভাবনা না থাকায় বিল তিনটি সংসদের চলতি মেয়াদে আর পাশ হচ্ছে না।
