২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক, বিস্তারিত

বিরোধী দলের হরতাল চলাকালে রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে হরতাল সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

হরতাল চলাকালে রাজধানীতে বিরোধী দলের কর্মীরা--সমর্থকরা বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। পুলিশ লাঠিপেটা করে বিরোধী দলের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া নরসিংদী ও মুন্সিগঞ্জসহ ঢাকার বাইরেও বেশ কয়েকটি স্থানে পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিরোধী দলের কমপক্ষে অর্ধশতাধিক নেতা--কর্মী আহত হয় বলে সূত্র জানায়।

বিরোধী দলের নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে ৬ সেপ্টেম্বর পুলিশি হামলায় সাবের হোসেন চৌধুরী এবং আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ শতাধিক মানুষ আহত হয়। এর প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল রোববার সকাল--সন্ধ্যা হরতাল আহ্বান করে।

হরতালের কারণে রাজধানীতে স্কুল--কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। ব্যাহত হয় ঢাকাসহ ৬০ টিরও বেশি শহরে যানবাহন চলাচল। তবে হরতাল চলাকালে রেল যোগাযোগ স্বাভাবিক ছিলো।

হরতাল চলাকালে নগরীর একাধিক স্থানে হাতে বানানো বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। এসময় তিন পুলিশ সদস্য ককটেলের আঘাতে আহত হয়।

আপরদিকে হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের অনেক মহিলা কর্মীসহ ৫০ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার দিকে ধানমন্ডির রাসেল স্কয়ারের কাছে হরতাল সমর্থকদের একটি মিছিলের উপর পুলিশ হামলা চালায়। প্রায় সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট--পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপর বেশকিছু সময় ধরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে।

প্রায় একই সময় মহাখালীতে একটি মিছিলে বাধা দেয়ায় পুলিশের সাথে হরতাল সমর্থকদের হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ ঘটনার পর হরতালকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে পুলিশ জানায়। জুরাইন রেল ক্রসিংয়েও বিরোধী দলের সমর্থকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। এর আগে সকাল সাড়ে আটটার দিকে মতিঝিলে একটি সিএনজিতে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ জানায়, আইন--শৃঙ্খলা বজায় রাখার জন্য র‌্যাব, বিডিআরসহ দশ হাজারেরও বেশী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে রাজধানীর বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। র‌্যাবের পাশাপাশি প্রায় ২৫ প্লাটুন বিডিআর এবং ২২ প্লাাটুন সশস্ত্র পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।

বারিধারা ও গুলশানের কূটনৈতিক এলাকাসহ সব গুরুত্বপূর্ণ এলাকার ওপর নজর রাখার জন্য সরকার নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে আওয়ামী লীগসহ ১৪ দলের মিছিলে পুলিশী হামলা ও লাঠিচার্জে নরসিংদীতে কমপক্ষে ১০ নেতা--কর্মী আহত হয়েছে।

সকাল--সন্ধ্যা হরতাল চলাকালে সকাল সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে ঘোড়াশাল বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় পুলিশ মিছিলে বাধা দেয়। এ নিয়ে মিছিলকারীদের সাথে পুলিশের বাকবিতন্ডার এক পর্যায়ে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এতে পলাশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. দিলীপ, ছাত্রলীগ সভাপতি কারী উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ কমপক্ষে ১০ নেতা--কর্মী আহত হয়। আহতদের পলাশ ও ঘোড়াশালের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সিগঞ্জে সাবেক সাংসদ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল সকাল ১০টায় ছবিঘর এলাকায় পৌছলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ১৪ দলের নেতা--কর্মীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরে মিছিলটি কাচারিতে ফিরে পথসভা করে।

এর আগে সকালে সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ--সভাপতি আনিছুজ্জামানের নেতৃত্বে আরেকটি মিছিল বের হলে একই স্থানে পুলিশ বাধা দেয়। হরতালে জেলার অধিকাংশ দোকানপাটই ছিল বন্ধ। ঢাকা--মাওয়া ও ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকের চেয়ে যান চলাচল ছিল অনেক কম।

এদিকে বিরোধী জোট জানিয়েছে, নির্বাচনী সংস্কারের দাবিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে তারা এগিয়ে যাবে।

বেশ কয়েকটি জনসভায় সংবিধানের বর্তমান বিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রী  খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষাপটে নির্বাচনের আগে রাজনীতির ভবিষ্যত গতিপথ অনিশ্চিত হয়ে পড়েছে।

আর বিরোধী নেতা শেখ হাসিনা বলেছেন, তাদের প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংস্কার করা হলেই কেবল নির্বাচন অনুষ্ঠিত হবে, অন্যথায় নয়।