সুষ্ঠু নির্বাচনের বিষয়ে খোদ নির্বাচন কমিশনই সন্দিহান
বিতর্কিত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে এখন খোদ নির্বাচন কমিশনই সন্দিহান হয়ে পড়েছে।
নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার রোববার সাংবাদিকদের কাছে স্বীকার করেন হালনাগাদ করা ভোটার তালিকায় বাড়তি ভোটার রয়ে গেছে বলে জাল ভোটের সুযোগ রয়েছে।
সচিব বলেন, ‘এবার হালনাগাদ করা ভোটার তালিকায় অস্বাভাবিক ভোটারের সংখ্যা বেশী হওয়ার একটি কারণ যাদের নাম তালিকা থেকে বাদ দেয়া দরকার, তাদের এখনো ওই তালিকায় নাম থাকা’।
এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনের আগের দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করার সুযোগ থাকছে।
আবদুর রশীদ সরকার বলেন, স্থানীয় রাজনীতিকরা অনেক সময় তালিকা থেকে নাম কাটতে নিরুৎসাহিত করে। এ জন্য জনগণেরই এগিয়ে আসা দরকার।
নির্বাচন কমিশন সচিব বলেন, এবার ২৪ শতাংশ ভোটার বেড়েছে। ২০০০ সালে এই সংখ্যা ছিল ৩২ শতাংশ। এর আগে ৩৪ শতাংশ পর্যন্ত ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে।
তিনি আরো জানান, এ মাসের মধ্যেই দরপত্র আহ্বান করে ভোটার তালিকা মূদ্রণের কাজ শুরু হবে। নির্বাচন কমিশনের তালিকা অনুসারে সারাদেশে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, পাঁচ বছরে দেশে গড়ে প্রায় এক কোটি ভোটার বাড়ার কথা। অথচ এবার পাঁচ বছরে ভোটার বেড়েছে প্রায় একটি ৮০ লাখ; অর্থাৎ প্রায় দ্বিগুণ। ২০০০ সালে দেশে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি।
বিতর্কিত এ হালনাগাদ ভোটার তালিকা তৈরি করতে গত এক বছরে নির্বাচন কমিশন ব্যয় করেছে প্রায় ৮৫ কোটি টাকা। তারা সরকারের কাছে আরো ১২ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এই বরাদ্দ পেলে ভোটার তালিকা তৈরিতে মোট খরচ দাঁড়াবে প্রায় ১০০ কোটি টাকা।
সর্বশেষ ২৮ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়।
নির্বাচন কর্মকর্তারা ১ জুলাই অফিসে বসে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করেন। পরে আদালতের নির্দেশে ২০ জুলাই থেকে ২০ আগস্ট বাড়ি বাড়ি গিয়ে ওই তালিকা হালনাগাদ করা হয়।
হালনাগাদ করা ভোটার তালিকার উন্মুক্ত প্রদর্শনীর শেষ দিন ছিলো ৫ সেপ্টেম্বর ।
