২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীতে ব্যাপক সংঘর্ষ, গাড়ি ভাংচুর

রাজধানীতে হরতাল চলাকালে রোববার পুলিশের সাথে হরতাল সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। হরতাল সমর্থকরা বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। পুলিশ লাঠিপেটা করে বিরোধী দলের ৩০০ এরও বেশি সমর্থককে ছত্রভঙ্গ করে দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 03:48 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এতে বেশকিছূ হরতাল সমর্থক আহত হলেও তাদের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেপ্টেম্বরের ৬ তারিখে বিরোধী দলের নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশি হামলায় সাবের হোসেন চৌধুরী এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাসহ ১০০ জনেরও বেশি লোক আহত হয়। এর প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আজ সকাল সন্ধ্যা হরতাল পালন করছে।

হরতালের কারণে রাজধানীতে স্কুল - কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে ঢাকাসহ ৬০ টিরও বেশি শহরে যানবাহন চলাচল। তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার দিকে ধানমন্ডির রাসেল স্কয়ারের কাছে হরতাল সমর্থকদের একটি মিছিলের উপর পুলিশ হামলা চালায়। প্রায় সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপর বেশকিছু সময় ধরে সেখানে গোলযোগকর পরিস্থিতি বিরাজ করে।

প্রায় একই সময় মহাখালীতে একটি মিছিলে বাধা দেয়ায় পুলিশের সাথে হরতাল সমর্থকদের হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ ঘটনার পর হরতালকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে পুলিশ জানায়। জুরাইন রেল ক্রসিংয়েও বিরোধী দলের সমর্থকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। এর আগে সকাল সাড়ে আটটার দিকে মতিঝিলে একটি সিএনজিতে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ জানায়, আইন - শৃঙ্খলা বজায় রাখার জন্য র‌্যাব, বিডিআরসহ দশ হাজারেরও বেশী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে রাজধানীর বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। র‌্যাবের পাশাপাশি প্রায় ২৫ প্লাটুন বিডিআর এবং ২২ প্লাটুন সশস্ত্র পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।

বারিধারা ও গুলশানের ক’টনৈতিক এলাকাসহ সব গুরুত্বপূর্ণ এলাকার ওপর নজর রাখার জন্য সরকার নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে বিরোধী জোট জানিয়েছে, নির্বাচনী সংস্কারের দাবিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে তারা এগিয়ে যাবে।

বেশ কয়েকটি জনসভায় সংবিধানের বর্তমান বিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রী  খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষাপটে নির্বাচনের আগে রাজনীতির ভবিষ্যত গতিপথ অনিশ্চিত হয়ে পড়েছে।

আর বিরোধী নেতা শেখ হাসিনা বলেছেন, তাদের প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংস্কার করা হলেই কেবল নির্বাচন অনুষ্ঠিত হবে, অন্যথায় নয়।