হরতালের সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ১৪ দল আহুত আগামীকালকের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার বিকালে সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের নেতৃত্বে রাজধানীর মুক্তাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে জিরোপয়েন্ট, বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু স্কয়ার এবং গোলাপশাহ মাজার ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, এদেশে নির্বাচন হবে সংবিধান অনুসারে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপি দলীয় নেতাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে কোনো নির্বাচন বাংলার মানুষ মেনে নেবে না।
সমাবেশে বক্তব্য রাখেন পংকজ দেবনাথ, অ্যাডভোকেট আবু কাওছার, অধ্যক্ষ জাহাঙ্গীর বিশ্বাস, মতিউর রহমান, গোলাম সারোয়ার, অ্যাডভোকেট তাপস পাল, শামীম শাহরিয়ার প্রমুখ।
