২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবের হোসেন চৌধুরীকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 10:05 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

সাবের হোসেনের ঘনিষ্ঠ একটি সূত্র তার অবস্থা আশঙ্কাজনক বলে বিডিনিউজকে জানিয়েছে।

অ্যাপোলো হাসপাতালে সাবের হোসেন চৌধুরীর এমআরআই পরীক্ষা হচ্ছে। বুধবার রাত ৮ টা ৫৮ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া য়ায়নি।

তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, সাবের হোসেন চৌধুরী কথা বলতে পারছেন না। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি যন্ত্রণায় ছটফট করছেন। তাকে ক্যাথেটার দেওয়া হয়েছে।

সাবের হোসেন চৌধুরীর ঘনিষ্ঠ অপর একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছে, এমআরআই পরীক্ষার রিপোর্ট ভালো না হলে রাত ১২ টায় তাকে বিমানে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।

এমআরআই পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিমানের সময় ঠিক করা হবে।

১৪ দলের নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও কর্মসূচি চলাকালে বুধবার ধানমণ্ডির রাসেল স্কয়ারে পুলিশ সাবের হোসেন চৌধুরীকে বেধড়ক লাঠিচার্জ করে। কর্তব্যরত পুলিশ তার পেটে লাথি মারে এবং তলপেটে লাঠি দিয়ে আঘাত করে।