২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের প্রায় ৭৯ শতাংশই ভোটার

কুড়িগ্রামে বিদ্যমান ও সম্পূরক মিলে হালনাগাদ ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ২৪১ জনে দাঁড়িয়েছে। এর ফলে জেলায় মোট জনসংখ্যার ৭৮ দশমিক ৬৩ শতাংশই এখন ভোটার।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 09:42 AM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ভোটার তালিকা হালনাগাদের তথ্য সমন্বয় করে নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সম্পূরক তালিকায় ভোটার বেড়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৬ জন। বৃদ্ধির হার শতকরা ২২ দশমিক ৩৩ ভাগ।

কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ কাজ শেষ হওয়ার আট দিন পর ২৯ আগস্ট উপজেলাগুলো থেকে এ সংক্রান্ত প্রতিবেদন জেলা কার্যালয়ে এসে পৌঁছে। এর ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়। এসব প্রতিবেদন অনুযায়ী জেলায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্তির জন্য ৩ লাখ ১১ হাজার ৯৮৪, সংশোধনের জন্য ৬ হাজার ৩০৪ এবং কর্তনের জন্য ৫৮ হাজার ৮৮৮ টি আবেদন জমা পড়েছে।

নির্বাচন অফিস সূত্র আরও জানা যায়, ২০০১ সালের নির্বাচনের সময় জেলায় ভোটার সংখ্যা ছিল ১১ লাখ ৩৩ হাজার ১৪৫ জন। গত জানুয়ারিতে হওয়া বাতিলকৃত ভোটার তালিকায় এ সংখ্যা বেড়ে দাড়িয়েছিল ১৩ লাখ ৮৮ হাজার ৯০ জনে। অর্থাৎ ভোটার বেড়েছিল ২ লাখ ৫৪ হাজার ৯৪৫ জন। ভোটার বৃদ্ধির হার ছিল শতকরা ২২ দশমিক ৫০ শতাংশ।

সর্বশেষ আদম শুমারি রিপোর্ট অনুযায়ী জেলার মোট জনসংখ্যা হচ্ছে ১৭ লাখ ৬২ হাজার ৯২০ জন। জেলার ১ হাজার ৭২ টি ভোটার এলাকায় ৮৯ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা এবং ২ হাজার ২১০ জন সহায়ক কর্মকর্তা সম্পূরক তালিকা প্রস্তুতিতে নিয়োজিত ছিলেন।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা খতিব আর রহমান শুক্রবার জানান, সম্পূরক তালিকায় চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হলেও এটিই শেষ এমনটি বলা যাবে না। শেষপর্যন্ত আরও কিছু ভোটার বাড়তে পারে।