মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর প্রার্থিতা ঘোষণা
ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম - ১৫ (বাঁশখালী) আসনে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন।
চট্টগ্রাম প্রেসক্লাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মুফতি ইজহারুল ইসলাম বলেন, সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ সংকট নিরসন এবং দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ না করায় আমি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি।
তিনি বলেন, ‘আমি চারদলীয় ঐক্যজোটের একজন নেতা, কিন্তু ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর মহাসমাবেশ চলাকালে দুই হাজার পুলিশ সদস্য আমার বাড়ি ঘেরাও করে রাখে। প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘চার দলীয় জোট তৈরীর জন্য এটাই কি আমার পুরস্কার?’
২৯ আগস্ট বাঁশখালীর ঝালদি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে প্রধানমন্ত্রী আসন্ন জাতীয় নির্বাচনে এই আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
