ফুলবাড়ীর ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা দুঃখজনক: মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ ও বিডিআরের গুলিতে ৫ আন্দোলনকারীর নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কিন্তু এ ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা আরো দুঃখজনক।
সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ে বুধবার এক ব্রিফিংয়ে মান্নান ভূঁইয়া বলেন, ‘১৪ দল নিজের আন্দোলনে ব্যর্থ হয়ে অন্যের আন্দোলনে হাওয়া দিচ্ছে। ফুলবাড়ীর ঘটনার প্রতিবাদে যেখানে তেল গ্যাস ও বন্দর রক্ষা কমিটি অর্ধদিবস হরতাল দিয়েছে, সেখানে ১৪ দল দিয়েছে পূর্ণদিবস হরতাল। এতে দেশের ও সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষতি ও দূর্ভোগ হয়। তাই দেশের মানুষ এখন আর হরতাল চায় না’।
তিনি বলেন, ’হরতাল এখন আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না, জনগণও হরতাল চায় না। কিন্তু বিরোধী দল এখনও এ ধরনের নেতিবাচক কর্মসূচি দিচ্ছে। এতে দেশে - বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ফুলবাড়ীর স্থানীয় মানুষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এলাকার স্বার্থবিরোধী কিছুই করতে দেওয়া হবে না। তাই সরকারের দুজন মন্ত্রী সেখানে সাধারণ মানুষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। এলাকাবাসীর মতামত নিয়েই সবকিছু করা হবে।
এলাকাবাসী ও আন্দোলনকারীদের ‘এশিয়ান এনার্জি’কে বহিস্কারের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এশিয়ান এনার্জির লোকজন ইতোমধ্যেই এলাকা থেকে চলে গেছে। তাদের বহিস্কার বা চুক্তি বাতিলের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। তবে পুলিশ ও বিডিআরের গুলিতে হতাহতের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আগাসী জাতীয় নির্বাচন প্রশ্নের বিরোধী দলের সংস্কারের দাবি এবং ব্যবসায়ীদের দেওয়া দুই প্রধান দলের মহাসচিব ও সাধারণ সম্পাদক পর্যায়ের আলোচনার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের প্রস্তাবের ব্যাপারে আমরা বিরোধী দলের কাছে থেকেই প্রস্তাব চেয়েছি। কিন্তু তারা এখনো কোনো প্রস্তাব আমাদের দেননি।’
মন্ত্রী বলেন, ‘প্রস্তাব পেলে আমরা বিবেচনা করে দেখবো। তবে আমার ধারণা, জলিল সাহেব এখনো তার নেত্রীর মতামত পাননি। নেত্রীর মতামত নিয়ে প্রস্তাব দিলে আমরাও এ ব্যাপারে আমাদের নেত্রীর সাথে কথা বলবো।’
তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের প্রয়োজন নেই বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ’আমরা বিরোধী দলের কোনো দাবিই মানিনি বা প্রত্যাখ্যান করিনি। আলোচনা হলে সব বিষয়েই সিদ্ধান্ত হবে।’
