২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ সেপ্টেম্বর দেশব্যাপী নির্যাতন দিবস পালন করবে ১৪ দল

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আগামী ৭ সেপ্টেম্বর দেশব্যাপী নির্যাতন বিরোধী দিবস পালন করবে। ১৪ দলের এক বৈঠকে বুধবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ঢাকাসহ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল শেষে ঢাকার তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক।

অন্যান্যের মধ্যে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য এতে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, এতে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি নিযে বিস্তারিত আলোচনা করা হয়। এতে মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জেলায় সফরের বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং দেন।

আব্দুল জলিল বুধবারের হরতালের সময় পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা নিয়ে সরকারকে রাজনীতি না করার আহ্বান জানিয়ে বলেন, ‘চিকিৎসকরা ওই পুলিশের কারণ হিসেবে পরিস্কারভাবে হার্ট অ্যাটাকের কথা বলেছে। এটা নিয়ে রাজনীতি করে কোনো লাভ হবে না’।

তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের অতীত ইতিহাস হলো হত্যা ও গলা কাটার ইতিহাস। তাই এ জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে লাভ নেই। বরং বিরোধী দলের সংস্কার প্রস্তাব মেনে অবিলম্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ করুন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এ সরকারের কারো পিঠের চামড়া থাকবে না’।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজকে ‘রাজনৈতিক অপরাধী’ হিসেবে উল্লেখ করে বলেন, তার অধীনে কোনো নির্বাচন হবে না। ১৪ দল ও আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যে কোনো এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করা হবে।