ফুলবাড়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে বিরোধী দলীয় চিফ হুইপের ওয়াক আউট
ফুলবাড়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার বিরোধী দলীয় চিফ হুইপ সংস্থাপন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করেন। হত্যাকাণ্ডের জন্য তিনি সংস্থাপন সচিবকে দায়ী করেন।
সংস্থাপন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলের সদস্য হিসেবে আব্দুস শহীদ একাই উপস্থিত ছিলেন। বৈঠকে তিনি বলেন, ফুলবাড়ীর জনগণ এশিয়া এনার্জির উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদ জানিয়েছেন।
আব্দুস শহীদ বলেন, বাংলাদেশের সংবিধানের ৩৬ এবং ৩৭ অনুচ্ছেদে এ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু বিডিআর সদস্যরা নিরীহ জনগণকে লক্ষ করে গুলি চালায় এবং সাতজনকে হত্যা করে।
তিনি প্রশ্ন রাখেন, আন্দোলনকারী জনগণকে প্রতিহত করতে প্রশাসন এ কী করছে?
প্রশাসনের ব্যর্থতার কারণেই এ হত্যাযজ্ঞ ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এজন্য সংস্থাপন সচিবকে জবাবদিহি করতে হবে বলেও তিনি তার বক্তব্যে জানান।
এরপরই তিনি ফুলবাড়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে বৈঠক থেকে ওয়াকআউট করেন।
কমিটির চেয়ারম্যান সরদার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে নূরুল হুদা এবং শাহ মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
কমিটির চেয়ারম্যান আব্দুস শহীদকে ওয়াকআউট না করার জন্য বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেন।
বৈঠক থেকে বেরিয়ে যেতে যেতে আব্দুস শহীদ বলেন, বিএনপি সরকার ১৯৯৫ সালে দিনাজপুরে হত্যাযজ্ঞ চালায়। এবারও ঠিক একইভাবে তারা দিনাজপুরে সাতজন লোককে হত্যা করেছে।
ব্রিটিশ কোম্পানি এশিয়া এনার্জির সাথে একটি অসম চুক্তি স্বাক্ষরের জন্য তিনি সরকারকে দায়ী করেন।
