প্রধানমন্ত্রী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন: উদ্বোধন করবেন বেশকিছু উন্নয়ন প্রকল্প
প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার একদিনের সফরে চট্টগ্রাম আসছেন। এ সফরকালে তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, জিয়া মেমোরিয়াল কমপ্লেক্স এবং সাঙ্গু নদীর ওপর তৈলের দ্বীপ সেতুসহ বেশকিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।
বর্তমান সরকারের প্রায় পাঁচ বছরের মেয়াদকালে চতুর্থবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন তিনি।
জানা গেছে, প্রধানমন্ত্রী একটি হেলিকপ্টারে করে মঙ্গলবার বন্দরনগরীতে পৌঁছবেন এবং কালুরঘাট এলাকায় দুপুর ১ টায় জিয়া মেমোরিয়াল কমপ্লেক্সের উদ্বোধন করবেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। তার এ ঘোষণার বিষয়টি স্মরণ করে ১৮৮ কোটি টাকা ব্যয়ে এ কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।
জিয়া মেমোরিয়াল কমপ্লেক্সের মাধ্যমে দর্শনার্থীদের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য-সংস্কৃতি এবং জাতীয় জাদুঘর, শহীদ মিনার, জাতীয় সংসদ, কার্জন হল, আহসান মঞ্জিল, বগুড়ার সোনা মসজিদ, দিনাজপুরের কান্তজির মন্দিরের নিদর্শন তুলে ধরা হয়েছে।
দর্শনার্থীরা চট্টগ্রামের মনোরম প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি এ কমপ্লেক্সের টাওয়ার ৭১ এবং ৫২ এর মাধ্যমে গোটা বাংলাদেশকে দেখার সুযোগ পাবেন। স্বাধীনতা সংগ্রাম ও ভাষা আন্দোলনের প্রতীক হিসেবে এ টাওয়ার দুটি নির্মাণ করা হয়েছে।
চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২১ তলা ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন করবেন। ১৫০ কোটি টাকা ব্যয়ে এ সেন্টার নির্মাণ করা হয়েছে।
এতে থাকছে আন্তর্জাতিক মানের একটি সম্মেলন কক্ষ, পাঁচতারা হোটেল, হেল্থক্লাব, জিমন্যাসিয়াম, আধুনিক আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট কার পার্কিং, শপিং মল এবং সরাসরি ছাদে অবতরনের জন্য হেলিপ্যাড।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামসুজ্জামান চৌধুরী শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, চার বিঘা জমির ওপর নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে সহায়ক হবে।
এর আগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৫ সালে ডব্লিউটিসির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে প্রধানমন্ত্রী সাঙ্গু নদীর ওপর ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫২১ মিটার দীর্ঘ তৈলেরদ্বীপ সেতুর উদ্বোধন করবেন।
তৈলেরদ্বীপ সেতু চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যকার দূরত্ব প্রায় ৪০ কিমি কমিয়ে আনবে এবং এশিয়ান হাইওয়ের সাথে সংযোগ স্থাপন করবে।
পরে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাঁশখালী পৌরভবন, ৫০০ লাইনের ডিজিটাল এক্সচেঞ্জ, আলাওল ডিগ্রি কলেজের একাডেমিক ভবন এবং বাঁশখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন শেষে বিকেল সাড়ে ৪ টায় বাঁশখালী উপজেলার ঝালধী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।
