২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীতে দ্বিতীয় দিনের মতো হরতাল পালিত হচ্ছে, পরিস্থিতি উত্তাল

বিডিআরের গুলিতে পাঁচজন নিহত হওয়ার প্রতিবাদে এখন বিক্ষোভে উত্তাল দিনাজপুরের ফুলবাড়ী। ফুলবাড়ী থানার সামনেই বিক্ষোভকারীরা এশিয়া এনার্জির দালাল সন্দেহে দুটি বাড়ি আজ পুড়িয়ে দিয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 02:51 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক বিডিনিউজকে জানিয়েছেন, শনিবার নিহত তিনজনের লাশ রোববার তাদের আত্মীয়-স্বজনের কাছে তুলে দেওয়া হয়েছে।

এদিকে ফুলবাড়ী উপজেলায় ‘তেল - গ্যাস - খনিজ - সম্পদ ও বিদ্যুত -- বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে দ্বিতীয় দিনের মত হরতাল পালিত হচ্ছে।

ফুলবাড়িতে এশিয়া এনার্জির কয়লা প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে সংগঠনটি শনিবার হাজার হাজার লোকের সমাবেশ ঘটালে সেখানে আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালায় ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অন্তত: পাঁচজন নিহত হয়, আহত হয় শতাধিক।

ওই ঘটনার  প্রতিবাদে ও এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কারের দাবিতে স্থানীয় জনতা পরদিন রোববার থেকে ফুলবাড়িতে অনির্দিষ্টকালের হরতাল পালন করছে।

একই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সোমবার সারাদেশে ছাত্র ধর্মঘট পালিত হয় এবং জাতীয়ভাবে সারাদেশে শোক দিবস, বিক্ষোভ মিছিল ও বুধবার হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।