২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাত সাংসদ-ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ, সাতক্ষীরায় সমন্বয় কমিটির বৈঠক থেকে ৮ চেয়ারম্যানের ওয়াকআউট

জামাত সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে শ্যামনগর উপজেলার আটজন ইউপি চেয়ারম্যান উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠক বর্জন করেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 10:50 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

রোববার অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে এসে ওই আট চেয়ারম্যান অবিলম্বে ইউএনও’র অপসারনের দাবী জানিয়ে বলেন, ওই ইউএনও’র অধীনে আর কোনো বৈঠকে তারা যোগ দেবেন না।

বর্জনকারি চেয়ারম্যানরা হলেন, জিএম শফিউল আযম লেলিন, বখতিয়ার আহমেদ, জিএম আব্দুল কাদের, অসীম জোয়ারদার, গাজী আবদুল ওহাব, এসএম জগলুল হায়দার, জিএম সাদেকুর রহমান এবং গাজী আনিসুজ্জামান।

তারা সাংবাদিকদের জানায়, বেশ কিছুদিন ধরেই স্থানীয় জামাত সাংসদ গাজী নজরুল ইসলাম ও ইউএনও জাহিদুল ইসলাম পরিকল্পিতভাবে সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থানীয় সরকার বিভাগকে অকার্যকর করতে ইউনিয়ন পর্যায়ের উন্নয়নমূলক কর্মকান্ডে জামাতের নেতাদের দ্বারা পরিচালনা করছেন।

বৃহস্পতিবার তারা একযোগে বিষয়টি উন্নয়ন কমিটির বৈঠকে তুলে এর প্রতিবাদে বেরিয়ে আসেন। তারা বৈঠকে জানান, বর্তমান সরকারের মেয়াদে আর কোনো বৈঠকে তারা যোগ দেবেন না।

এ ব্যাপারে স্থানীয় সাংসদ গাজী নজরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি সাংসদের নির্দেশের বাইরে কিছু করতে পারবেন না।