২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারকে চিরদিনের মতো বিদায় করেই জনগণ ফুলবাড়ি হত্যার জবাব দেবে

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, জোট সরকারকে ক্ষমতা থেকে চিরদিনের মতো বিদায় করেই জনগণ দিনাজপুরের ফুলবাড়ি হত্যাকাণ্ডের জবাব দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

তিনি ওই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ফুলবাড়ি হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর ১৪ দলের উদ্যোগে রোববার আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলির সদস্য আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ফজলে হোসেন বাদশা, প্রমুখ।

আব্দুল জলিল বলেন, ফুলবাড়িতে মানুষ নিজেদের আবাসস্থল রক্ষা করার জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করতে গিয়েছিল। কিন্তু পুলিশ তাদের গুলি করে হত্যা করেছে।

তিনি আরো বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা লক্ষ্য করছি, এ সরকারের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই; মানুষের কোনো নিরাপত্তা নেই।

আব্দুল জলিল বলেন, জোট সরকারকে একদিন এ সব হত্যাকাণ্ডের জবাব দিতে হবে। জনগণই তাদের বিচার করবে।

আমির হোসেন আমু বলেন, বিএনপি এর আগে ক্ষমতায় এসে সারের দাবিতে আন্দালন করায় ১৭ জন কৃষককে গুলি করে হত্যা করেছে। ফুলবাড়ি হত্যাকাণ্ডের পর আন্দোলনরত সাধারণ মানুষের প্রতি তাদের দৃষ্টিভঙ্গী আরেকবার উন্মোচিত হলো।