জোট সরকারের দুঃশাসন রুখে দাঁড়ানোর লক্ষ্যে সিপিবি নেতৃবৃন্দের দেশব্যাপী সফর শুরু
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জোট সরকারের দুঃশাসন রুখে দাঁড়ানোর লক্ষ্যে গণজাগরণ গড়ে তুলতে বাংলাদেশ কমিউনিস্ট পাটি (সিপিবি) চারটি দলে বিভক্ত হয়ে শুক্রবার থেকে দেশব্যাপী ঝটিকা সফর শুরু করেছে। পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
নেতৃবৃন্দ ঢাকা ত্যাগ করার আগে শুক্রবার সকাল ৯টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি র্যালী বের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সিপিবির নেতৃবৃন্দ চারটি দলে বিভক্ত হয়ে র্যালী নিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছবেন।
সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান তেঁতুলিয়া সফরে দলের নেতৃত্ব দিবেন। কেন্দ্রীয় কমিটির সম্পাদক সাজ্জাদ জহির চন্দন এই সফরে থাকবেন।
প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ খুলনা-পটুয়াখালীতে দলের নেতৃত্ব দিবেন।
টেকনাফ সফরের নেতৃত্ব দিবেন প্রেসিডিয়াম সদস্য শেখ মুনিরুজ্জামান।
কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে চতুর্থ দলটি সুনামগঞ্জ অভিমুখে ঝটিকা সফর করবেন।
