ড্যানিডার তহবিল ব্যবহারে অনিয়মের প্রতিবাদে আব্দুল জলিলের বিবৃতি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং ১৪ দলীয় বিরোধী জোট আহ্বায়ক আব্দুল জলিল এমপি বৃহস্পতিবার ইউপি নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ছয়টি স্থানীয় উন্নয়ন সংস্থার তহবিল ব্যবহারে অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা ড্যানিডা থেকে পাওয়া তহবিল ব্যবহারে ওই অনিয়মের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার আব্দুল জলিল এক বিবৃতিতে বলেন, ক্ষমতাসীনদের দ্বারা নিয়ন্ত্রিত এবং আর্থিক দূর্নীতির দায়ে অভিযুক্ত এনজিওর মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ গণতন্ত্রের জন্য কোন সুফল নিয়ে আসবে না।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পর্যবেক্ষণ একটি আন্তর্জাতিক স্বীকৃত নিয়ম। কিন্তু বাংলাদেশে আগামী নির্বাচনকে সামনে রেখে এশিয়া ফাউন্ডেশন ইলেকশন ওয়ার্কিং গ্রুপে যেসব স্থানীয় পর্যবেক্ষক সংস্থা তালিকাভূক্ত হয়েছে তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের মন্ত্রী, তাদের পরিবার বা জোট সরকারের ঘনিষ্ঠদের দিয়ে পরিচালিত।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আর্থিক অনিয়মের এই লজ্জাজনক ঘটনায় আবারো প্রমাণিত হয়েছে যে সরকারি দলের নির্দেশনায় পরিচালিত এসব এনজিও শুধু অসৎ রাজনৈতিক উদ্দেশেই পরিচালিত নয়, এরা আর্থিকভাবেও দূর্নীতিগ্রস্ত।
