২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী তত্ত্বাবধায়ক সরকার আরেকটি বিএনপি: তোফায়েল আহমেদ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আগামী তত্ত্বাবধায়ক সরকারকে ‘আরেকটি বিএনপি’ উল্লেখ করে শুক্রবার বলেছে, ক্ষমতাসীন বিএনপি ২৮ অক্টোবরের পর আরেক বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ক্ষমতায় ফিরে আসতে বিএনপি পরবর্তী জাতীয় নির্বাচনে প্রায় চার হাজার কোটি ‘কালো টাকা’ ব্যয় করতে পারে বলে বিরোধী দলের নেতারা অভিযোগ করেন। এ ছাড়া সরকারী সিদ্ধান্ত অনুযায়ী কালো টাকা সাদাকারীদের নাম প্রকাশেরও তারা দাবী জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দানকালে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ একথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন সবই তাদের দলীয়। বিএনপি অপর এক বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের যুবসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিএনপি ক্ষমতায় ফিরে আসার জন্য প্রায় চার হাজার কোটি কালো টাকা ব্যয় করতে প্রস্তুত উল্লেখ করে আমীর হোসেন আমু বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনভাবেই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

ড. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ড. আবুল বারাকাত, মামুনুর রহমান হারুন, আতাউর রহমান ও মামুনুর রশীদ।