গোপালপুরে সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু, প্রতিবাদে রোববার হরতাল
টাঙ্গাইলের গোপালপুরে সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতা আবু সাইদ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আগামী রোববার উপজেলায় সকাল - সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আবু সাইদ শুক্রবার বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর গোপালপুরে পৌঁছুলে দলীয় নেতা - কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং বিকেলে পৌর সদরে এক মিছিল বের করেন। পরে শহরের বাসস্ট্যান্ড চত্বরে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রকিবুল হক, রফিকুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোমেন, বিমান কুমার সাহা প্রমুখ।
সমাবেশে বক্তারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন শেষে সন্ধ্যা ৬টায় ভুটিয়া থেকে মোটর সাইকেলে করে মিস্ত্রীপাড়ায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মূমূর্ষ অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আবু সাইদ ধোপাকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন।
